কুমিল্লায় ব্যবসায়ী ও ৬ বছরের শিশু খুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে খোকন সাহা (৩৮) নামের এক ব্যবসায়ী এবং বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে সোনিয়া (৬) নামে এক শিশুকে খুন করা হয়েছে।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের পাশে একটি ডোবায় মঙ্গলবার সকাল ১০টায় খোকন সাহার লাশ পাওয়া যায়। তার গলায় ও শরীরে এসিড ও অস্ত্রের ক্ষত চিহ্ন হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোশ আহম্মেদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন সূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে ব্যবসায়িক কারণে এই খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশ সুপার বেলা দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বুড়িচং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে জনৈক ফিরোজ মিয়ার মেয়ে স্কুল পড়ুয়া সোনিয়া নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোমবার রাত ২ টার দিকে বাড়ির পাশে কবরস্থানে সোনিয়ার গলা কাটা লাশ পাওয়া যায়। পুলিশ মঙ্গলবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ আরও জানায়, সোমবার সন্ধ্যায় সোনিয়ার বাবা ফিরোজ মিয়ার সঙ্গে ছেলে মঙ্গল মিয়ার পারিবারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে মঙ্গল মিয়া ক্ষিপ্ত হয়ে বাড়ির সবাইকে জবাই করে হত্যার হুমকি দেয়।
মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সোনিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পারিবারিক ঝগড়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সোনিয়ার বাবা ফিরোজ মিয়া ও ভাই মঙ্গল মিয়াকে থানায় নিয়ে গেছে।
