তেজগাঁও পলিটেকনিক ইন্সিটিউটের প্রশিক্ষক নিহত
রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইন্সস্টিটিউটে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আশরাফউদ্দিন ভূঁইয়া নামে এক প্রশিক্ষক নিহত হয়েছেন।
একই ঘটনায় মোঃ আমীর হোসেন নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত আশরাফউদ্দিন ইন্সস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রশিক্ষক এবং লতীফ ছাত্রাবাসের হল সুপার পদে কর্মরত ছিলেন।
লতীফ ছাত্রাবাসের সহকারি হল সুপার আব্দুর রহিম জানান, ছাত্রবাসে সম্প্রতি নতুন একটি ক্যান্টিন চালু করা হয়েছে। ওই ক্যান্টিনের জন্য ছাত্রদের জমা দেওয়া প্রায় দুই লাখ টাকা নিয়ে রাত পৌনে ১১ টার দিকে আশরাফউদ্দিন বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে ছাত্রাবাসের পেছনের সড়কে ৪/৫ জন সন্ত্রাসী এলোপাথাড়ি গুলি ছুঁড়ে তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় আশরাফউদ্দিনের বুকে দুটি এবং ইন্সস্টিটিউটের বৈদ্যুতিক মিস্ত্রী আমীর হোসেনের মাথায় একটি গুলি লাগে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশরাফউদ্দিনের মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে এটা ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
