ভুয়া সন্দেহ করে দুই র্যাব সদস্যকে মারধর
ভুয়া সন্দেহ করে দুই র্যাব সদস্যকে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও পথচারীরা।
বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে সোমবার রাত ৯টার দিকে ছিনতাইকালে শিক্ষার্থীদের হাতে ধরা পড়া দুই ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে এসে পরিচয়পত্র দেখাতে না পারলে শিক্ষার্থীরা র্যাব সদস্যদের সন্দেহ করে মারধর করে।
শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হলের সামনে ছিনতাই করার সময় কয়েকজন ছাত্রের হাতে ধরা পড়ে দুই জন। ছাত্ররা ছিনতাইকারীদের ধরে মারধর করার সময় হলুদ ট্যাক্সিক্যাবে করে দুই ব্যক্তি এসে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ছিনতাইকারী দুজনকে তাদের হাতে তুলে দিতে বলেন।
এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হওয়ায় তারা র্যাব সদস্যদের পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু তারা পরিচয়পত্র দেখাতে না পারায় শিক্ষার্থীরা তাদেরকেও মারধর করে থানায় নিয়ে যায়। র্যাব সদস্য দুজন হলেন সিপাহী গুলজার ও রশিদ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এফ রহমান হলের সামনে দুই ছিনতাইকারীকে মারধর করার সময় ক্যাবে করে র্যাব-১১ এর দুই সদস্য যাচ্ছিলেন। তারা ছিনতাইকারীদের তাদের হাতে ছেড়ে দিতে বলেন। সন্দেহ হওয়ায় ছাত্ররা পরিচয়পত্র দেখতে চায়। তাদের কাছে পরিচয়পত্র না থাকায় ছাত্ররা তাদেরকেও আটকে রাখেন। ছিনতাইকারী দুজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের নাম মনির হোসেন ও আব্দুর রাজ্জাক বলে তিনি জানান।
তিনি এ ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে অভিহিত করেন।
শাহবাগ থানার আরেকজন উপ-পরিদর্শক মাসুদ রাত ১১টায় জানান, র্যাব সদস্য দুজনকে ছাত্ররা মারধর করেছে। র্যাব সদস্যরা তার সামনে বসে এজাহার লিখছেন। তারা ছাত্রদের বিরুদ্ধে মামলা করার জন্য এজাহার লিখছেন বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ বলেন, র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল বলে তিনি জেনেছেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের মারধর করেছে এটা পুলিশ তাকে জানায় নি। এফ রহমান হলে পুলিশ মোতায়েন রয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সূর্যসেন হলের শিক্ষার্থী সালেহ রাব্বি জানান, উপাচার্যের বাসভবন, মুহসীন হল, এফ রহমান হল এবং প্রশাসনিক ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
