২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি তথ্য গোপন করে পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত আদায় করেছে: মইনুল

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, ইটিভি কর্তৃপক্ষ তথ্য গোপন করে পুনঃসম্প্রচারের ব্যাপারে হাইকোর্টের কাছ থেকে সিদ্ধান্ত আদায় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তিনি আরও বলেন, গত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেবল বিটিভি টেরিস্ট্রিয়াল সুবিধা পাবে। তাই ইটিভি এই সুবিধার জন্য আবেদন করতে পারবে না।

আইন উপদেষ্টা বলেন, “তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সঙ্গে একুশে টেলিভিশনের (ইটিভি) কোনো চুক্তি নেই। এই তথ্যটি আদালতের কাছে গোপন করেছে ইটিভি। আমরা আদালতকে বিষয়টি অবহিত করব।”

সোমবার বিকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইটিভি প্রথম দফায় যাত্রা শুরুর আগে বিটিভি এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করে। কিন্ত ২০০২ সালে সারকার ইটিভি’র সম্প্রচার বন্ধ করে দেয়ার পরপরই চুক্তি দুটিও বাতিল হয়ে যায় বলে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান। তিনি বলেন, ইটিভি কর্তৃপক্ষ সর্বশেষ আদালতের কাছে চুক্তি বাতিল সংক্রান্ত কোন তথ্য উপস্থাপন না করে আদালতের সঙ্গে প্রতারণা করেছে।

একুশে টিভির সঙ্গে বিটিভি’র কোন চুক্তি না থাকায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাংলাদেশ টেলিভিশনের মত কেপিআইভ্ক্তু স্পর্শকাতর স্থাপনায় ইটিভি কর্তৃপক্ষকে প্রবেশের অনুমোতি দেওয়া হচ্ছে না।

তথ্য গোপনের জন্য ইটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, “এই মুহুর্তে কোনও জবাব দেওয়া যাচ্ছে না।”

আইন উপদেষ্টা বলেন, “ইটিভি নতুন করে লাইসেন্সের জন্য আইন মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়ের কাছে কোনও দরখাস্ত করেনি। তারা ২০০৫ সালের মার্চ মাসে সম্প্রচারে অনাপত্তির জন্য দরখাস্ত দেয়। অন্যান্য চ্যানেল যেমন-এটিএন বাংলা, চ্যানেল আই ইত্যাদির মতো তাদেরও সম্প্রচারের অনুমতি দেওয়া হয়। যেহেতু তারা নতুন কোনও লাইসেন্সের জন্য আবেদন করেনি তাই তাদের জন্য নতুন লাইসেন্সের বিষয়টি বিবেচনা করার কোনও সুযোগ নেই।

একুশে টিভি কর্তৃপক্ষের সঙ্গে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের কোনও লাইসেন্সিং এগ্রিমেন্ট বা কো-সাইট এগ্রিমেন্ট চালু নেই বলে আইন উপদেষ্টা জানান।

টেরিস্ট্রিয়াল সুবিধার জন্য বিটিভি ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইটিভি চুক্তি করার জন্য আবেদন করতে পারবে কিনা, এ বিষয়ে তিনি বলেন, “গত সরকার ২০০৬ সালে সিদ্ধান্ত নিয়েছে বিটিভি ছাড়া অন্য কোন টেলিভিশন টেরিস্ট্রিয়াল সুবিধা ভোগ করতে পারবে না। ফলে এই সুবিধার জন্য তারা আবেদন করতে পারবে না।”

ইটিভি চট্টগ্রামে টেরিস্ট্রিয়াল সুবিধা নিয়ে কীভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “চট্টগ্রামে তাদের নিজস্ব স্থাপনা রয়েছে”।

একই ভাবে সারা দেশে নিজস্ব স্থাপনা দিয়ে সম্প্রচার করতে পারবে কিনা-এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “এজন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করতে পারবে না”।