ফেনীতে হিজবুত তাওহীদের ৪ সদস্য আটক
ফেনী শহর ও ফুলগাজি উপজেলা থেকে হিজবুত তাওহিদের ৪ নেতাকর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ।
এরা হচ্ছে আবদুল ওয়াহিদ মামুন, খোরশেদ আলম, শহিদ ও সোহেল। মামুন ও খোরশেদকে ফেনী ও ফুলগাজি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুজনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফেনী থানা সূত্র জানায়, হিজবুত তাওহিদের সদস্য আবদুল ওয়াহিদ মামুনকে রোববার রাতে শহরের একাডেমী এলাকা থেকে আটক করা হয়। মামুনকে আটক করার পর ওই রাতেই তার মা ফেরদৌস আরা নাজমা, বোন কামরুন নাহার মেরিন, আইরিন ও ছোট ভাই আবদুল আজিজকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার মামুনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে মামুন বেশিকিছু তথ্য দিয়েছে। সে জানিয়েছে, তাদের নেতা ও সদস্যরা ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের বিভিন্ন এলকায় আত্মগোপন করে আছে।”
এদিকে সোমবার বিকেলে ফুলগাজি উপজেলার বসিকপুর থেকে হিজবুত তাওহিদের কর্মী খোরশেদ আলমকে গ্রেফতার করে পুলিশ। ফুলগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বকাউল জানান, খোরশেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ফেনী জেলা হিজবুত তাওহিদের আমীর নুরুল আবসার সোহেলের ছোটো ভাই ও সংঠনের সক্রিয় সদস্য। তাকে বেশ কিছুদিন ধরেই খোঁজা হচ্ছিল।
বিকেলে ফেনীর রামপুর এলাকা থেকে শহিদ ও সোহেল নামে হিজবুত তাওহিদের আরো দুই কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান জানান, শহিদ ও সোহেল ঢাকার কর্মী। আটকের পর তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
