ডেমরায় কারখানা শ্রমিককে জবাইয়ের চেষ্টা
ঢাকার ডেমরা এলাকায় প্লাস্টিক কারখানার এক শ্রমিককে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে তার বন্ধু।
আশংকাজনক অবস্থায় কারখানা শ্রমিক জসীমকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলী জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাউরা চোরাকান্দি এলাকার জসীম (২০) ঢাকার ইসলামবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় কাজ করে। গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার পর বন্ধু সুমন খবর পাঠিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনে।
রোববার রাতে ডেমরায় সুমনের সঙ্গে দেখা করলে সুমন ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলায় আঘাত করে। এরপর রক্তাক্ত অবস্থায় জসীম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এসে অচেতন হয়ে পরে।
সেখান থেকে ফতুল্লা থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হত্যাচেষ্টার কারণ পুলিশ জানাতে পারেনি।
