২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য বিক্রির জন্য ডিলারশিপ ব্যবস্থা চালু করতে যাচ্ছে টিসিবি

সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজ আমদানির জন্য এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহবান করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মসুর ডাল আমদানির জন্য গত সপ্তাহেই দরপত্র আহ্বান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এ ছাড়া টিসিবি আমদানি করা পণ্য বিক্রির জন্য ডিলারশিপ ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

গত মাসের শেষ দিকে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবিকে তিন হাজার টন মসুর ডাল, তিন হাজার টন সয়াবিন তেল, দুইশ টন ছোলা ও তিনশ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

টিসিবি আমদানি শাখার নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন তালুকদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামী এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজ আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করতে যাচিছ।”

তিনি জানান, গত সপ্তাহেই তিন হাজার টন মসুর ডাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী আগামী ৩ মের মধ্যে আমদানি করা ডাল দেশে পৌঁছাতে হবে।

টিসিবি সূত্র জানায়, ২১ মার্চ ক্রেতা না পাওয়ায় দুইশ টন সয়াবিন তেল আমদানির একটি আন্তর্জাতিক দরপত্র বাতিল করা হয়। তবে এবার অনুমোদন পাওয়া তিন হাজার টনের সঙ্গে ওই দুইশ টন সয়াবিন তেলের জন্যও দরপত্র আহবান করা হবে।

এদিকে টিসিবি আমদানি করা পণ্য বিক্রির জন্য ডিলারশিপ প্রথা চালু করতে যাচ্ছে। টিসিবি কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী মাসে সব বিভাগীয় ও জেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ দেওয়া হবে। জেলা পর্যায়ে ডিলার হতে আগ্রহীদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে ২৫ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে বলা হয়েছে।

২০০২ সালে বিগত জোট সরকার টিসিবির কার্যক্রম সংকুচিত করার জন্য ডিলারশিপ প্রথা বাতিল করে দেয়। এর পর থেকে ওএমএসসহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে টিসিবির আমদানি করা পণ্য বিতরণ করা হয়ে আসছে।