বগুড়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
বগুড়ায় হত্যাসহ আধা ডজন মামলার আসামী রাশেদুল ইসলাম (৩০) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শাহজাহানপুর থানার সুজাবাদ উত্তরপাড়ায় রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি রামদাসহ পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৪ টার দিকে র্যাবের একটি টহল দল উত্তরপাড়ায় একদল সন্দেহভাজন যুবককে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চায়। এ সময় তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোঁড়ে ও গুলি চালায়। জবাবে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে র্যাব সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। এ সময় এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া সন্ত্রাসীদের ককটেলের স্প্রিন্টারে একজন র্যাব সদস্য আহত হন। র্যাবের গাড়িটিও গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল জানান, রাশেদুল ইসলামের বিরুদ্ধে দুটি হত্যা, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। তার বাবার নাম সেকান্দর। বাড়ি শহরের ফুলবাড়ি মধ্যপাড়ায়।
