প্রথম আলো ও ভোরের কাগজের প্রকাশক, সম্পাদকের বিরুদ্ধে সমন জারি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য অধ্যাপক গোলাম রসুল মোল্লার দায়ের করা মানহানির মামলায় দৈনিক প্রথম আলো ও ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক ও ক্রীড়া প্রতিবেদকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোলাম রুসুল মোল্লা হাজির হয়ে দুটি মানহানি মামলা করলে দুপুর দেড়টায় মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহ সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ১০ মার্চ এই পত্রিকায় “বাফুফের নির্বাচন যেন ফুটবল বাঁচানোর লড়াই”, ১৩ মার্চ “বিতর্কিত মোল্লাকে নিয়েই এডহক কমিটি ?” শিরোনামে প্রকাশিত দুটি অসত্য প্রতিবেদনে বাদীর সম্মান ক্ষুণ্ন হয়েছে।
এ ছাড়া ভোরের কাগজে ১৪ মার্চ “পুনর্বাসিত হচ্ছেন গোলাম রসুলরা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।
মামলার পরিপ্রেক্ষিতে আদালত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম, ক্রীড়া প্রতিবেদক মাসুদুল আলম এবং ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত ও সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিবেদকের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
মামলার পরবর্তী তারিখ ১৬ জুন তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
