২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি প্রতিরোধের শ্লোগান উত্তরাঞ্চলে ছড়িয়ে দিলেন হাসান মশহুদ চৌধুরী

“আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না” এই শ্লোগান নিয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবাইকে দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। সোমবার উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর সফরকালে তিনি বলেন, “তৃণমূল পর্যায় থেকে সবার সহযোগিতা পেলে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন কিছু নয়। নিজেদের অবস্থান থেকে আমরা যদি নিজেরা দুর্নীতি না করি এবং কাউকে দুর্নীতি করতে না দেই তাহলেই দুর্নীতি দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে। এই কাজটি করতে হবে নিজেকে দিয়ে, নিজের পরিবার থেকে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পঞ্চগড় প্রতিনিধি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী পঞ্চগড় এসে পৌঁছান। জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এক মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী বলেন, “শুভ কাজ সম্পাদনের জন্য শুভ সময়ের প্রয়োজন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি দমনের জন্য এখনই শুভ সময়। এ সময়কে আমাদের কাজে লাগাতে হবে। যেন ভবিষ্যতে কেউ দুর্নীতি করার সাহস না পায়। কারণ আগামী দুই-তিন বছর পর এমন পরিস্থিতি থাকবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না।”

সভায় জেলা প্রশাসক হাফিজ উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশিদ, সাবেক উপাধ্যক্ষ আবু জেকের, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, চেম্বার প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টু, পিপি অ্যাডভোকেট নাজমুল হক, জিপি অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, “বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, দুর্নীতি দমনের জন্য কোন বিধি-নিষেধ নেই। আমরা নিজেরাই নিজেদের অবস্থান থেকে বিভিন্নভাবে এ কাজে সহযোগিতা করতে পারি।”

অতীতে সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, “ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) সঙ্গে ঝগড়া-বিবাদ করে কোন লাভ হবে না। বাস্তবতা মেনে নিয়ে কলঙ্কতিলক ঘোচাতে সম্মিলিত শক্তিশালী উদ্যোগ নিতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে টিআইবি রিপোর্ট প্রকাশের সময় ডিসেম্বরের আগেই আমাদের ব্যাপক কাজ করতে হবে। যেন দুর্নীতির সূচকে আমাদের প্রিয় দেশটি শীর্ষে নয়, অনেক নিচে নেমে আসে।”

দুদক চেয়ারম্যান তার প্রায় ৩০ মিনিটের বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে কমিশনের কর্মযজ্ঞে দেশবাসিকে সহযোগিতা করার আহবান জানান।

“শুধু ঢাকা অফিসে বসে দুর্নীতি দমন করা যাবে না” মন্তব্য করে তিনি বলেন, এজন্য তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্নীতি বিরোধী মনোভাব সবার মধ্যে জাগ্রত করতে হবে।

১০টা ৫৫ মিনিটে মতবিনিময় সভা শেষ করে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে পঞ্চগড় ত্যাগ করেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলা দুর্নীতি দমন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান যে যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “এখন সময় এসেছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। প্রতিরোধই হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের প্রধান হাতিয়ার।”

দুদক চেয়ারম্যানের ভাষায়, “প্রতিরোধই মূল ওষুধ, প্রতিষেধক নয়। তাই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এ ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।”

তিনি বলেন, “শুধু সুধীজনরাই নয়, গ্রাম-গঞ্জের সব মানুষকেই এ প্রতিরোধে অংশ নিতে হবে। হাসান মশহুদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে অনেক তাত্ত্বিক আলোচনা হয়েছে, এখন আর আলোচনার সময় নেই। যারা দুর্নীতি করেন, দুর্নীতির মাধ্যমে জনগণের ভোগান্তির সৃষ্টি করেন, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ চালিয়ে যাবো। দুর্নীতি উচ্ছেদ করতে পারলে আমরা উন্নত জাতিতে পরিণত হবো। দেশকে সমৃদ্ধশালী করতে পারবো।”

জেলা প্রশাসক শাফায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ উল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, অধ্যক্ষ বেলাল রব্বানী, ইএসডিও এর নির্বাহী পরিচালক শহীদুজ্জামান ও সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু।

বেলা ১টায় তিনি নীলফামারীর উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

নীলফামারী প্রতিনিধি জানান, দুদক চেয়ারম্যান বলেছেন, আইন করে দুর্নীতি কমানো যাবে না। এজন্য সারাদেশে ব্যাপক গণআন্দোলন শুরু করতে হবে। এ প্রসঙ্গে তিনি জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে সচেতন নাগরিকদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি দমন এমন নয় যে, একে প্রতিরোধ করতে হবে। এই কাজটি করতে হবে নিজেকে দিয়ে, নিজের পরিবার থেকে।

সভায় জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলী, নীলফামারী পৌর চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদ, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি সোহেল পারভেজসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, “আজকে যারা এ সভায় বসে আছেন তাদেরই আগে শপথ নিতে নিতে হবে যে, নৈতিক দায়িত্ব পালনে তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।”

তিনি বলেন, “আমাদের এখনকার শ্লোগান হবে দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এই শ্লোগানটিকে প্রতিষ্ঠিত করতে হবে।” দুদক চেয়ারম্যান আরও বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবো-এই শ্লোগানটি এখন যেমন প্রতিষ্ঠিত হয়েছে সেভাবেই দুর্নীতি প্রতিরোধে আমাদের শ্লোগানটিকে প্রতিষ্ঠিত করতে হবে।” দুর্নীতি প্রতিরোধে পুরো ব্যবস্থাকেই প্রয়োজনে পরিবর্তন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ এম সাইফুল হাসান, পুলিশ সুপার এম মোস্তফা কামাল, দিনাজপুর পৌর চেয়ারম্যান সফিকুল হক ছটু, অধ্যক্ষ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলিয়া, ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম, বাবু চিত্ত ঘোষ প্রমুখ।