চাঁদাবাজির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফের বিরুদ্ধে মামলা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সাত বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মানিক নগরের বাসিন্দা মো. আবুল হোসেন বাদী হয়ে রোববার এ মামলা দায়ের করেন।
মামলায় অন্য আসামিরা হলো মহসিন ওরফে গরুচোরা মহসিন, দেলোয়ার হোসেন দিলু, মোস্তফা, আওয়াল, আবুল কামাল ও টিটু।
মহানগর হাকিম এ জেড এম আব্দুল্লাহেল বাকী ওই মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেটি এজাহার হিসাবে গণ্য করার নির্দেশ দেন।
মামলার আবেদনে বলা হয়েছে, বাদী ও মোশাররফ হোসেন একই নির্বাচনী এলাকা কুমিল্লার তিতাস থানার বাসিন্দা। ২০০১ সালের নির্বাচনে আবুল হোসেন আওয়ামী লীগ প্রার্থী হাসান জামিল সাত্তারের নির্বাচনী এজেন্ট ছিলেন। সে সময় তিনি ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিবেশক হিসাবে কাজ করতেন।
আবেদনে আরো বরা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করায় আবুল হোসেনের সঙ্গে মোশারফ হোসেনের শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরে ২০০৬ সালের ১৫ জুন নয়া পল্টনের ডেসটিনি কার্যালয় থেকে ফেরার পথে মোশাররফ হোসেনের নির্দেশে মামলার অন্য আসামীরা বাদীকে পল্টনের বিএনপি কেন্দ্রীয় অফিসে নিয়ে গিয়ে হকিস্টিক দিয়ে পেটায়। তারা এ সময় পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।
আবুল হোসেন বাধ্য হয়ে ছোট দুই ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা এনে আসামীর হাতে তুলে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে গেলে মোশাররফ হোসেনের নির্দেশে তাকে তাড়িয়ে দেওয়া হয়।
