২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি শুরু হচ্ছে শিগগিরই

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শিগগিরই শুরু করা হবে। সুপ্রিম কোর্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

আদালত প্রতিবেদক

অমিত তালুকদার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:42 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নিয়ম অনুযায়ী তিনজন বিচারক হলে আপিল বিভাগ কোনো মামলার আবেদন শুনানির জন্য নিতে পারেন। কিন্তু যথাযথ সংখ্যায় বিচারক না থাকায় এতদিন পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শুরু করা সম্ভব হয়নি। গত ২০ মার্চ হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি মো. হাসান আমিনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার পর শুনানি শুরু করার পরিস্থিতি সৃষ্টি হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ১৯ মার্চ মামলাটি আপিল বিভাগে শুনানির জন্য তোলা হয়। কিন্তু সেসময় আপিল বিভাগের দুই বিচারক বিব্রতবোধ করায় শুনানি শুরু করা যায়নি। এরপর থেকে এ পর্যন্ত মামলাটি আর একদিনের জন্যও আপিল বিভাগে ওঠেনি। এখন এ মামলা শুনানি করতে পারেন আপিল বিভাগে এমন তিনজন বিচারক রয়েছেন ।

আপিল বিভাগে এখন মোট সাতজন বিচারক। প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম হাইকোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার নিস্পত্তি করেছেন বলে তারা এ মামলার আপিলের শুনানি গ্রহণ করতে পারবেন না। বিচারপতি এম এম রুহুল আমিন ও বিচারপতি আমিরুল কবির চৌধুরী ইতোপূর্বে এ মামলার শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন।

এখন মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. জয়নুল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিন এ মামলার আপিলের শুনানি গ্রহণ করতে পারবেন। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি থাকায় এখন সরকার বা আপিলকারী পক্ষ আবেদন জানালেই বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শুরু করা যেতে পারে।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন বিচারক স্বল্পতা নেই। শিগগিরই শুনানি শুরু হবে। তবে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি শুনানির জন্য তালিকায় তুলবে কিনা সে ব্যপারে কিছু জানাতে রাজি হননি তিনি।

বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলী আনিসুল হক এ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিলের শুনানি কবে শুরু হবে তা নির্ভর করবে দেশের সার্বিক পরিস্থিতির ওপর।” আনিসুল হকসহ এ মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলীদের ২০০২ সালের ১৯ ডিসেম্বর অব্যাহতি দেওয়া হয়েছিল।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কর্নেল (অব:) সৈয়দ ফারুক রহমানের আইনজীবী খান সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইকোর্টে তিনজন বিচারপতি বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করেছিলেন। এখন আপিল বিভাগে তিনজন বিচারপতি কীভাবে শুনানি গ্রহণ করবেন তা পরিষ্কার নয়। তবে শুনানি শুরু হলে আমরা তাতে অংশ নেব।”

তিনি আরও বলেন, “কর্নেল ফারুককে ১৯৯৬ সালের ১৩ আগষ্ট গ্রেফতার করা হয়। এরপর ১০ বছর কনডেম সেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে তাকে। তার আবার নতুন করে ফাঁসি কি?”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামী মেজর (অব:) বজলুল হুদার আইনজীবী মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতিরা আবারো বিব্রতবোধ না করলে এখন আর শুনানি শুরুর ক্ষেত্রে কৌশলগত কোনো বাধা নেই। তবে আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর শুনানি হতে হবে। আপিল বিভাগ লিভ মঞ্জুর করলে পেপারব্যাক তৈরি করতে হবে। আপিলটি শুনানির জন্য প্রস্তুত করতে হবে। তারপর আপিলের ওপর শুনানি শুরু করা যাবে।”

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর দায়ের করা মামলার ভিত্তিতে ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় প্রদান করে। বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। অপর বিচারপতি এ বিএম খায়রুল হক ১৫ আসামীর ফাঁসির আদেশ বহাল রাখেন।

২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে তিনজনকে খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে কারাবন্দী চার আসামী আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন।

২০০১ সালের ১৬ আগষ্ট মামলার লিভ টু আপিলের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। এরপর আট বার শুনানি মুলতুবি হবার পর মামলাটি আপিল বিভাগের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

সর্বশেষ ২০০২ সালের ১৯ মার্চ আপিল বিভাগের দুই বিচারপতি বিব্রতবোধ করলে মামলাটি আর শুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়নি। এ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে চারজন সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, সুলতান শাহরিয়ার রশীদ খান এবং মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) বর্তমানে কারাগারে আছেন। গত ১৩ মার্চ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৭ আসামীর মধ্যে একে এম মহিউদ্দিন আহমেদকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়। তবে তাকে এখনও দেশে ফিরিয়ে আনা যায়নি।