২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু নির্বাচনের জন্য নির্বাচন করবে না সরকার

আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতিকে দুর্নীতি ও কালো টাকামুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। নিছক নির্বাচনের জন্যই নির্বাচন নয়। বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ম্যান ব্রিট এস আনন্দ-এর সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন বলে বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে রোববার ওই বৈঠক হয়।

এস আনন্দ নির্বাচন ও সরকারের কার্যক্রমের নানা বিষয় নিয়ে মইনুল হোসেনের সঙ্গে আলোচনা করেন।

এছাড়া পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাদের আলোচনায় স্থান পায় বলে ওই কর্মকর্তা জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন গীতা পাসি এবং দ্বিতীয় সচিব লিউক জানার।

ওই বৈঠকের পরপরই আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন। তিনি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

জরুরি অবস্থার মধ্যেও মানবাধিকারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় ইউএনএফপির প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেন।