পালিত হচ্ছে ইস্টার সানডে
আজ রোববার ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার তিনদিন পর এই দিনে তার পুনরুত্থান হয় অর্থাৎ আবার জেগে উঠেন তিনি। তাই দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যের।
যিশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি উদযাপন করছে। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দেশের চার্চগুলোতে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা সভা।
ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও পৃথক বিবৃতিতে খ্রিস্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে দুই নেতা চলমান অশান্ত, সংঘাতময় ও অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতিতে এবারের ইস্টারের চেতনা শান্তি ও সহাবস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
