সূত্রাপুরে মোবাইলফোনের দোকানে ডাকাতি
রাজধানীর সূত্রাপুরে শুক্রবার রাতে একটি মোবাইল টেলিফোনের দোকানে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় দোকান মালিক ইকবাল হোসেন বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, সূত্রাপুর থানা এলাকার ফরিদাবাদের হরিচরণ রায় সড়কের ‘তালহা ইন্টারন্যাশনালের’ মালিক ইকবাল হোসেন রাত সাড়ে ১১ টার দিকে তার দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাস আরোহী চার সশস্ত্র যুবক দোকানে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে নগদ ৩০ হাজার টাকা, সাতটি বিভিন্ন ব্রান্ডের মোবাইলফোন সেট এবং মোবাইলকার্ডসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
সূত্রাপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সোহেল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে দোকান মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
