খুলনার তিন শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা শুক্রবার গভীর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে খুলনার তিন শীর্ষ সন্ত্রাসী ওসিকুর রহমান, মুশফিকুর রহমান এবং মফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে ওসিকুর রহমান খুলনার আওয়ামী লীগ নেতা এসএমএ রব হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ওসিকুর, মুশফিকুর ও মফিজুর-এই তিনজনই খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গাড়ফা গ্রামের বাসিন্দা ওই তিন সন্ত্রাসী সম্পর্কে আপন ভাই।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-১০ এর একটি দল নিউ ইস্কাটন ১৫ গাউসনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
খুলনার আওয়ামী লীগ নেতা এসএমএ রব হত্যা মামলায় ২০০৪ সালের ৪ আগস্ট ওসিকের ফাঁসির আদেশ দেয় আদালত। ২০০০ সালের ১১ আগস্ট এস এম এ রব খুন হন।
এছাড়া, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। কাশেম হত্যা মামলাটি এখনো বিচারাধীন। এ মামলায় ওসিক, মুশফিক ও মফিজ তিন ভাই চার্জশিটভুক্ত আসামি।
১৯৯৩ সালের ৫ সভেম্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে খুন হয় যুবলীগ নেতা টুটুল। ওই মামলায় ওসিক ও মুশফিকের ফাঁসির আদেশ দেয় খুলনার আদালত। পরে তারা উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
ওসিক, মুশফিক ও মফিজ দীর্ঘ দিন আত্মগোপনে ছিল। আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময় বাগেরহাটের দুই জন প্রভাবশালী সংসদ সদস্যের আশ্রয়ে থেকে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর কর্মকর্তা ক্যাপ্টেন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
