২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিলেট ভূমি অফিসে এক বছরে সাড়ে চার কোটি টাকা ঘুষ লেনদেন’

ঘুষ ছাড়া কাজ করেন না সিলেটে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সিলেট সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার সকালে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সচেতন নাগরিক কমিটির এক মত বিনিময় সভায় ‘সিলেট সদরের ভূমি প্রশাসন’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে সিলেটে জমি কিনতে প্রত্যেক ক্রেতাকে সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে আট হাজার ৫শ’ টাকা ঘুষ দিতে হয়েছে। এ হিসেবে ওই বছর সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে শুধু জমি কেনাবেচা সর্ম্পকিত কাজে চার কোটি ২৯ লাখ ১৫ হাজার ৯৯০ টাকার ঘুষ লেনদেন হয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী ভূমি অফিস থেকে কাগজপত্র তুলতে প্রত্যেক কাগজের জন্য গড়ে তিন হাজার ৪৩৯ টাকা ঘুষ দিতে হয়। এছাড়া জমির খাজনা কম দেওয়ার জন্য ঘুষ দিতে হয় গড়ে দুই হাজার ৫২৫ টাকা।

সচেতন নাগরিক কমিটি জানিয়েছে, সিলেট সদর উপজেলায় গত দুই বছরে যেসব খানা ভূমি অফিসের সেবা নিয়েছে তার মধ্য থেকে দৈব চয়নের ভিত্তিতে ৩২৫টি খানায় এ জরিপ চালানো হয়।

জমিসংক্রান্ত কাজে দুর্নীতি ও দীর্ঘসূত্রিতা কমাতে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। এসব পরামর্শের মধ্যে রয়েছে জমি নিবন্ধন প্রক্রিয়ায় কম্পিউটার ও উন্নত প্রযুক্তির ব্যবহার; জমির দলিলকে মালিকানার সার্টিফিকেট হিসেবে প্রতিষ্ঠিত করা; সাব-রেজিস্ট্রার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসসহ অনান্য স্থানে রেজিস্ট্রেশন ফির তালিকা টাঙিয়ে রাখা; দালালদের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নেওয়া; তহশিল অফিসে খাজনার রেট ও জমা দেওয়ার সময়সীমা উল্লেখ করে তালিকা ঝোলানো; ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের বেতন ভাতা ‘বাস্তব সম্মত’ করা।

সিলেট সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিআইবির গবেষণা ও তথ্য কর্মকর্তা মুজতাবা মাহবুব মোর্শেদ ও কর্মসূচি কর্মকর্তা করুনা কিশোর চক্রবর্তী। প্রতিবেদন উপস্থাপন করেন ড. তুলসী কুমার দাস।

টিআইবির এ জরিপ সর্ম্পকে সিলেট সেটেলমেন্ট কার্যালয়ে যোগাযোগ করা হলে জোনাল অফিসার আবদুর রউফ বলেন, “এ প্রতিবেদনের সঙ্গে আমরা একমত নই। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”