২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় সংঘর্ষে আহত ২০

শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সদরের পানিশাইল এলাকায় একটি পোশাক কারখানায় শনিবার সুপারভাইজারদের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এতে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শ্রমিকরা কারখানার অফিস কক্ষ ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাসদস্যদের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছিল।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক কর্মচারিরা জানায়, গত ৩১ মার্চ কর্তৃপক্ষ ৫৫ জন শ্রমিক ছাঁটাই করলে অসন্তোষ শুরু হয়। শ্রমিকরা তাদের ছাঁটাইয়ের পেছনে সুপারভাইজাদের হাত রয়েছে বলে সন্দেহ করে।

নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে শনিবার সকাল ৮টা থেকে শ্রমিকরা সংগঠিত হতে থাকে। ৯টার দিকে কয়েকজন শ্রমিক প্রতিনিধি সুপারভাইজারদের সঙ্গে কথা বলতে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে জনৈক সুপারভাইজার এক শ্রমিককে লাথি মারে। এতে সংঘর্ষ শুরু হয়।

আন্দোলনকারী শ্রমিকরা নিচতলায় কারখানার অফিস কক্ষের কাচ, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে।

সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।