বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী আফগানিস্তান
বাংলাদেশ থেকে চিকিৎসক ও সেবিকাসহ দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। এছাড়া ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল।
শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সার্ক শীর্ষ সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা হয়। এরপরই সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।
তিনি জানান, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
প্রেস সচিব বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এর সঙ্গে বৈঠকে দেশটি পুনর্গঠনে সহায়তায় বাংলাদেশের আগ্রহের কথা জানান ড. ফখরুদ্দীন। তখন আফগান প্রেসিডেন্ট চিকিৎসক ও সেবিকাসহ দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দেন ।
নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বাস সার্ভিস চালুর প্রস্তাব দেন। তিনি মংলা সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অনুরোধও জানান। বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় কীভাবে নেপালের জলবিদ্যুৎ ব্যবহার করা যায়, তা নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে গিরিজা প্রসাদ কৈরালার আলোচনা হয় বলে ফাহিম মুনয়েম জানান।
দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এক কোটি ডলারের গম বাংলাদেশ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এ বৈঠকে যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেন তিনি।
এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে জয়দেবপুর-শিয়ালদা বাস সার্ভিস চালু, বাংলাদেশ থেকে ভুটানে পণ্য রপ্তানিতে সুবিধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রেস সচিব জানান, আগামীতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দ্বিপাক্ষিক এসব বিষয়ের বিভিন্ন দিক বিশ্লেষন করে চুক্তি করার উদ্যোগ নেওয়া হবে।
