২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশ সচিবালয়েই মানা হচ্ছে না

সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২৫ দিন আগে আদেশ জারি করা হলেও খোদ সচিবালয়েই এ নির্দেশ মানা হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কর্মকর্ত কক্ষে উপস্থিতি থাকুন বা না থাকুন, অধিকাংশ ক্ষেত্রে তাদের কক্ষের একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পাখা ও বাতি চালু থাকে। কোথাও কোথাও হিটার চালিয়ে বানানো হয় চা। সেই সঙ্গে চলে ইলেকট্রিক কেটলিও।

সাধারণত সভা না থাকলে সভাকক্ষগুলো তালাবন্ধ রাখা হয়। কিন্তু বৈদ্যুতিক বাতি ও ফ্যানগুলো বন্ধ করা হয়েছে কিনা সে ব্যপারে সব সময় খেয়াল রাখা হয় না।

উপদেষ্টারা প্রত্যেকেই তিন থেকে চারটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় প্রতিদিন তাদের পক্ষে সবগুলো মন্ত্রণালয়ে যাওয়া সম্ভব হয় না। স্বাভাবিক কারণে তারা কোনো কোনো মন্ত্রণালয়ে মাঝেমধ্যেই অনুপস্থিত থাকেন। তারা অফিসে না থাকলেও প্রায় প্রতিদিনই তাদের কক্ষে চালু থাকে বাতি, পাখা কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ।

সরকারি অফিসে সীমিত আকারে বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত সরকারি নির্দেশটি বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটর করতে গঠিত পরিদর্শন কমিটি বৃহস্পতিবার পর্যন্ত ২৭ টি মন্ত্রণালয় পরিদর্শন করে এসব তথ্য পেয়েছেন।

মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদ হোসেনের নেতৃত্বে আরও ৫ জন উপসচিবকে নিয়ে গঠিত এ কমিটি গত দু’সপ্তাহ ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করেন।

কমিটির প্রধান জাহিদ হোসেন উল্লেখিত প্রায় সব তথ্যের সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিদর্শন কার্যক্রম শুরু হওয়ার পর সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বেড়েছে। বিদ্যুৎ ব্যবহার সীমিত করার বিষয়টি শিগগিরই পুরোদমে শুরু করা হবে বলে আমি আশাবাদী।”

তিনি জানান, কেবল মন্ত্রণালয় ও বিভাগগুলোতে বিদ্যুৎ ব্যবহার সীমিত করা গেলেই প্রতি মাসে এক লাখ ৩৭ হাজার ২১০ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। বাংলাদেশ সচিবালয়ে প্রতি মাসে গড়ে চার লাখ ৫৭ হাজার ৩৬৭ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয়।

জাহিদ হোসেন আরও বলেন, সচিবালয়ের অনেক কক্ষেই স্বাভাবিক দিনের আলো ব্যবহার করে কাজ করা সম্ভব। এর সঙ্গে প্রয়োজনে একটি বৈদ্যুতিক বাতি ও একটি পাখা ব্যবহার করেও নির্বিঘ্নে কাজ চালানো যায়। কর্মকর্তারা যাতে এ বিষয়গুলোতে মনোযোগ দেন সে ব্যপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় কমিটির সদস্যরা বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি স্বল্প পরিমানে বিদ্যুৎ ব্যবহার করে কীভাবে অফিসের কাজকর্ম চালানো সম্ভব সে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

মাঠ পর্যায়ের সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটর করতে পরিদর্শন কমিটি আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু করবে বলেও জানান তিনি।

গত ১৩ মার্চ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশ জারি করা হয়।

বিদ্যুৎ বিভাগের লোড ম্যানেজমেন্টের আওতায় জারি করা এ নির্দেশে এয়ারকুলার চালু রাখার সময় কক্ষের তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াসে রাখতে এবং কক্ষে উপস্থিত না থাকলে এসি, বাতি ও ফ্যান বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়া সরকারি অফিসগুলোতে এনার্জি সেভিং অথবা ফ্লোরোসেন্ট বাল্ব ব্যবহার করতে বলা হয়েছে। সেই সঙ্গে হিটার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ফুলের বাগান ও নিরাপত্তার জন্য স্থাপিত বিভিন্ন ধরনের বাতির ব্যবহারও সীমিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।