টাঙ্গাইলে কালবৈশাখীতে অর্ধশতাধিক আহত
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে অন্তত অর্ধশতাধিক লোক আহত এবং বিপুুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে দুইটি ইউনিয়নের চারটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। দুই মিনিট স্থায়ী ওই ঝড়ে পাইস্কা ইউনিয়নের পেরীআটা, সোনামুই বাধুরিয়া, সৈয়দপাড়া এবং বীরতারা ইউনিয়নের গঙ্গাবর গ্রামে বেশ ক্ষয়ক্ষতি হয়। পেরীআটা গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শক্তিশালী ওই ঝড়ে অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়া স্থানে স্থানে গাছপালাও উপড়ে পড়ে।
ঝড়ে গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, পেরীআটা গ্রামের হামিলা (৬৫), শামসুন নাহার (৫৫), হাছেন আলী (৭৫), আবদুল কাদের (৩৫), প্রদীপ (১৮), মিলন (২০) ও তিথি (৮)।
আহত অন্যদের মধুপুর ও ধনবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আখতার আলী সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
