সাংবাদিকসহ চবির চার শিক্ষককে হত্যার হুমকি
বাংলাদেশ ইসলামী বিপ্লবী কমান্ড কাউন্সিল নামে একটি সংগঠন চট্টগ্রামের একজন সাংবাদিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে।
ঢাকায় ভোরের কাগজ কার্যালয়ে পাঠানো এক চিঠিতে ভোরের কাগজ চট্টগ্রাম অফিসের সিনিয়র প্রতিবেদক সমরেশ বৈদ্য, চবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক হেলাল নিজামী, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হোসাইন কবির, বাংলা বিভাগের শিক্ষক মিল্টন বিশ্বাস ও নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক আশরাফুজ্জামান অশ্রুকে ইসলামের বিরুদ্ধে কাজ করার অভিযোগে এ হত্যার হুমকি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা অনৈসলামিক কাজ করছেন। এ জন্য ইসলামী বিপ্লবী কমান্ড কাউন্সিলের সভায় তাদের হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংরেজিতে লেখা ওই চিঠিতে আরো বলা হয়েছে, “আপনারা মৃত্যুর জন্য প্রস্তুত হোন। বর্তমান তত্ত্ববধায়ক সরকারের যৌথবাহিনী কিংবা পুলিশে চাকরিরত ভাইয়েরা আপনাদেরকে বাঁচাবে পারবে না। আমাদের কমান্ডো গ্রুপ খুবই তৎপর। তারা সার্বক্ষণিক আপনাদের উপর নজর রাখছে। এটাই আমাদের চরমপত্র।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ইসলামী বিপ্লবের প্রশিক্ষণ কেন্দ্র উল্লেখ করে ওই চিঠিতে সাংবাদিক সমরেশ বৈদ্য এবং এই চার শিক্ষককে অনৈসলামিক কাজ পরিচালনা করার জন্য অভিযুক্ত করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে সাংবাদিক সমরেশ বৈদ্য চট্টগ্রাম কোতোয়ালি থানায়, অধ্যাপক হেলাল নিজামী ও হোসাইন কবির খুলশী থানায় এবং আশরাফুজ্জামান অশ্রু পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অধ্যাপক হেলাল নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা বুদ্ধি বৃত্তিক এবং জ্ঞাননির্ভর সমাজ প্রতিষ্ঠার বিরুদ্ধে সবসময় সক্রিয় তারাই এই কাজ করেছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এরা ভীত হয়ে পড়েছে।
