বরিশালে যুবক এর দুকর্মকর্তার কারাদণ্ড
জনতা ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখায় জাল টাকা সরবরাহের অভিযোগে ‘যুবক’ এর দুই কর্মকর্তাকে ছয় বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরিশাল জেলা ও দায়রা জজ বিচারক মো. শফিউদ্দিন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, যুবক সংস্থার বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মাঠ কর্মকর্তা জহিরুল ইসলাম খান ও আবদুর রব হাওলাদার। একই রায়ে যুবকের অপর কর্মকর্তা এজাহারভুক্ত আসামী নূরুল আলমকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৩ সালের ১০ জুন আসামিরা জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় যুবকের একাউন্টে চার লাখ টাকা জমা দেন।
এই টাকার মধ্যে ৫০০ টাকার একশত ৬৯টি জাল নোট পেয়ে ব্যাংকের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুক ওই দিন কোতয়ালি থানায় যুবকের তিন কর্মকর্তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
