ফরমালিন যুক্ত মাছ বিক্রি করবেন না ঢাকার ব্যবসায়ীরা
ফরমালিনের মতো ক্ষতিকর রাসায়নিকযুক্ত মাছ বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজধানীর মাছ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মৎস ভবনে মৎস বিভাগ আয়োজিত এক সভায় ব্যবসায়ীরা এই প্রতিশ্রুতি দেন।
এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা সিএস করিম।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় বৃহত্তর ঢাকা নগরীর মাছ ব্যবসায়ী সমিতির নেতারা রাজধানীর সব মাছ ব্যবসায়ীকে লাইসেন্স প্রদান, মাছ বাজারের সংখ্যা বৃদ্ধি ও পাইকারি বাজারের জন্য ১০টি ল্যান্ডিং স্টেশন স্থাপনের দাবি জানান।
এছাড়া, মাছের বাজারে স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখা, ফরমালিনসহ অন্যান্য রাসায়নিক ব্যবহারকারী ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিতেও মৎস উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।
সমিতির সভাপতি আনোয়ার হোসেন সিকদার বলেন, “প্রতিশ্রুতি দিচ্ছি আমরা ফরমালিনের মতো রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা মাছ কখনও বিক্রি করব না। জাতির বৃহত্তর স্বার্থে আমরা জাটকাও বিক্রি বিক্রি করব না।”
ব্যবসায়ী নেতারা মাছ ও মৎস্যজাত পণ্য আমদানির সময় রাসায়নিক উপাদান পরীক্ষা ও বাজার পরিদর্শনের ক্ষেত্রে সমিতির প্রতিনিধিকে দলে থাকার দাবি জানান।
মৎস্য উপদেষ্টা সিএস করিম সভায় বলেন, “মাছ ব্যবসায়ে আমরা সুস্থ প্রতিযোগিতা চাই। ভাল মানের মাছ কেনায় ক্রেতাদের পছন্দ এবং অধিকারকে গুরুত্ব দিতে হবে।”
সভায় বিশেষ অতিথি সাংবাদিক আতাউস সামাদ বলেন, সরকারের উচিত প্রজনন মৌসুমে যখন ইলিশ ধরা বন্ধ থাকে তখন মৎস্য শিকারিদের জন্য অন্য কোনো আয়ের উৎস সৃষ্টি করা।
মৎস্য ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নজরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
