২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ঋণ ও বিলখেলাপিদের অযোগ্য ঘোষণা করে নির্বাচনী আইনের খসড়া প্রকাশ

নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) সংস্কার করে এর খসড়া প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খসড়া প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

প্রস্তাবিত আইনে ঋণ, কর, ও বিলখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা, রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধীকরণ, সর্ব্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিইসি বলেন, “নির্বাচনী আইন সংস্কার একটি জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। এ জন্য আমরা সুশীল সমাজ, রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের পরামর্শ পেয়েছি। এখনও পর্যন্ত যা করা হয়েছে তা খসড়া, রূপরেখা মাত্র।”

তিনি বলেন, “সুশীল সমাজ, সাংবাদিক মহল ও রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এর আরও পরিশোধন ও পরিমার্জন করা হবে। খসড়া আইনটি আন্তঃমন্ত্রণালয়ের সভায় অনুমোদিত হওয়ার পর জুলাই মাসে তা গেজেট হিসেবে প্রকাশ করা হবে।”

আইন সংস্কারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সিইসি বলেন, “একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু, নির্বাচনকে পেশী শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই এর লক্ষ্য।”

এক প্রশ্নের জবাবে ড. এটিএম শামসুল হুদা বলেন, ‘‘আমরা নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে সৎ ও যোগ্য প্রার্থীরাই কেবল নির্বাচনে অংশ নিতে পারেন। যারা রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছেন, তাদের কবল থেকে আমরা নির্বাচনকে মুক্ত করতে চাই।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির বিষয়টি আসলে সরকারের ওপর নির্ভর করে। এ জন্য দুর্বৃত্তদের বিচার ও শাস্তি দিতে হবে। বর্তমান সরকার এ ব্যাপারে যথেষ্ট তৎপর।”