২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছরের মধ্যে নির্বাচন হচ্ছে না

আগামী দেড় বছরের মধ্যে দেশে জাতীয় বা স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচন হচ্ছে না। এ সময়ে ছবিসহ ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন। এরপরই নেওয়া হবে সব ধরনের নির্বাচনের প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আগামী দেড় বছরের আগে কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়, সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে দিয়ে সিইসি বলেন, “কমিশনের একটি পরামর্শক দল আগামী ছয় মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির প্রকল্প প্রস্তাব করবে। এর পর ১২ মাসে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা করা হবে। এজন্য কমিশনকে নূন্যতম এই ১৮ মাস সময় দিতে হবে।”

ছবিসহ ভোটার তালিকা তৈরিতে দেড় বছর সময় লাগলে সংসদ নির্বাচন অনুষ্ঠানে কত সময় লাগবে এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “এটি এখনই বলা সম্ভব নয়। এটি নির্ভর করবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কী না তার ওপর। এজন্য সরকারকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।”

শামসুল হুদা অবশ্য বলেন, ‘‘১৮ মাসে ভোটার তালিকা তৈরির পর আমরা সব ধরনের নির্বাচনের জন্য প্রস্তুত হবো। এর পরও নানা রকমের অসুবিধা হতে পারে। তবে মোটামুটিভাবে এই সময়ের পর নির্বাচন করতে পারবো বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে সরকার এরই মধ্যে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে। কিন্তু তারা ছাড়া পেয়ে নির্বাচনের সময় আবারও রাজনীতিতে এলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কঠিন হবে। তাই সুষ্ঠু পরিবেশ রক্ষায় সরকারকে কাজ চালিয়ে যেতে হবে।”

গত দুমাসে সুশীল সমাজ, সাংবাদিক মহল ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কমিশন নির্বাচনী আইনের (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯২৭) যে খসড়া তৈরি করেছে তা জুলাইয়ে গেজেট আকারে হিসেবে প্রকাশ করা হবে বলেও জানান সিইসি।

ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা থাকায় কবে নাগাদ কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে-তা জানতে চাইলে শামসুল হুদা বলেন, “আমি আইন উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য। আমি শুনেছি, ৮ মের পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আশা করি এরপর আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে পারবো।”

তিনি বলেন, ভোটার তালিকা করার সময় জাতীয় পরিচয় পত্রের তথ্যও সংগ্রহ করা হবে। নতুন ভোটার তালিকা তৈরির প্রকল্প-প্রস্তাব করতে আগামী সপ্তাহেই তিন জন বিদেশি ও তিন জন বাংলাদেশী পরামর্শক কমিশন কার্যালয়ে কাজ শুরু করবেন।

ডাটা বেইজ ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে সেনাবাহিনীর তথ্য ও প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হবে বলে জানান শামসুল হুদা। আর তালিকা তৈরিতে ব্যয় হবে ৩০০ থেকে সাড়ে ৪০০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সার্ক সম্মেলন চলাকালে বুধবার ভারতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনয়েমও বলেছিলেন, সঠিক ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।