জঙ্গি সংগঠন ‘হিজবে আবু ওমরের’ ৭ সদস্য গ্রেফতার
ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘হিজবে আবু ওমরের’ সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যব দাবি করেছে, ওই সাত জঙ্গি নিষিদ্ধ সংগঠন জামাআ’তুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তারা ‘হিজবে আবু ওমর’ নামে একটি সংগঠন এর ব্যানারে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এরা হলো মাহবুব, মাহাদী হাসান কাফী, আবু ইউসুফ ওরফে সাগর, হারুনার রশীদ, করিম, মোস্তফা ও মোঃ নাজমুল হক।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক এম আকবর আলী বৃহস্পতিবার বিকেলে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, একটি অপহরণের ঘটনা তদন্ত করতে গিয়ে এ সংগঠনটির সন্ধান পাওয়া যায়।
তিনি জানান, কারওয়ান বাজারের ব্যবসায়ী মোঃ নাজমুল হক গত ১৫ ফেব্রুয়ারি নিজের দোকান থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরদিন এক ব্যাক্তি নিজেকে সৌরভ পরিচয় দিয়ে নাজমুলের খালুর মোবাইলে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নাজমুলের পরিবার এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি সাধারণ এজাহার দায়ের করে।
পরে র্যাব সদস্যরা অপহরণকারী দলের ব্যবহৃত মোবাইল নাম্বারের সূত্র ধরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মাহাদী হাসান ওরফে কাফীকে আটক করে। কাফীর দেওয়া তথ্য অনুযায়ী একাধিক স্থানে অভিযান চালিয়ে ২ এপ্রিল আবু ইউসুফ ওরফে সাগর ওরফে সৌরভকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সাগর অপহরণের ঘটনাকে ‘সাজানো’ বলে দাবি করে এবং জানায় সে জঙ্গি সংগঠন ‘হিজবে আবু ওমরের’ সদস্য।
সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ময়মনসিংহের ভালুকা উপজেলার নুরুল উলম জামিয়া মাদ্রাসা থেকে দুটি পয়েন্ট ৩২ বোরের রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান ও ১০ রাউন্ড গুলি এবং বরিশালের সর্দারবাড়ি মসজিদের ইমাম আকরামুজ্জামানের কাছ থেকে দেশে তৈরি চারটি গ্রেনেড ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
তার কাছ থেকে তথ্য পেয়ে র্যাব সদস্যরা মাহবুব, হারুনার রশীদ, করিম, মোস্তফা ও মোঃ নাজমুল হককেও গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তারা জানান, আবু ইউসুফ ওরফে সাগর ২০০৫ সালের ১৭ আগস্ট বরিশালে জেএমবির বোমা হামলা সংক্রান্ত ১২ টি মামলার পলাতক আসামী।
এম আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে জেএমবির সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ভিন্ন নামে কর্মকাণ্ড চালাচ্ছিল। তিনি জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।
