২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আগুনের ঘটনায় দুই বন কর্মকর্তা বরখাস্ত

সুন্দরবনে আগুন লাগার ঘটনায় কর্তব্য পালনে অবহেলার অভিযোগে বনবিভাগের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 03:24 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এরা হলেন সুন্দরবন পূর্ব বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও সহকারী স্টেশন কর্মকর্তা মো. আবদুস সালাম তরফদার। বুধবার রাতে এই দুজনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সুন্দরবন পূর্ববন বিভাগের উপ বন কর্মকর্তা (ডিএফও) এসএম শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, সুন্দরবনে অগ্নিকাণ্ডের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আগুন নেভানোর কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় ধানসাগর স্টেশনের ওই দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুন্দরবনে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য নয় সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

গত ১৯ মার্চ সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পঁচাকোনালিয়া এলাকায় আগুন লাগে। আগুন ক্রমেই সুন্দরবনের নাপিতখালী এলাকায় ছড়িয়ে পড়ে। ১৫ দিন চেষ্টা চালিয়ে গত ২ এপ্রিল সুন্দরবনের আগুন নেভানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সুন্দরবনে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ একর বনের গাছপালা পুড়ে গেছে।