২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ৩৬০ বস্তা সারসহ ৮ পাচারকারী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩৬০ বস্তা ইউরিয়া সারসহ আট পাচারকারীকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষীরা। বৃহস্পতিবার ভোরে তেঁতুলিয়া নদীতে দুটি ট্রলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সার মিয়ানমার পাচার হচ্ছিল বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 03:03 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

উপকূল রক্ষী বাহিনীর দক্ষিণ জোনের কমান্ডার এ টি এম আশরাফের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ভোলা ও বাগেরহাট প্রতিনিধি জানান, গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী থেকে সারভর্তি ট্রলার নিয়ে পাচারকারীরা মিয়ানমার যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সারের মালিক পটুয়াখালীর ব্যবসায়ী রুহুল আমিন। গ্রেপ্তারকৃতরা মিয়ানমারগামী একটি ট্রলারে সার তুলে দিতে যাচ্ছিল।

ভোলা প্রতিনিধি আরও জানান, উপকূল রক্ষীদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব-৮ এর সদস্যরা সারের মালিক রুহুল আমিনকেও বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে।

গলাচিপা থানার উপ পরিদর্শক শাহরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধিকে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন কাওসার (৩০), সাইফুল (২৮), সাদ্দাম হোসেন (৩০), ছিদ্দিক (২৫), দুলাল শিকদার (২৫), বাবুল মিয়া (২২), হারুন মৃধা (৩৫) ও কবির শিকদার (২০)। এদের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

এ ঘটনায় উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তা রফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেছেন।