২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর হাতে নিহত ১

রাজধানীর মিরপুর থানার সেনপাড়া পর্বতায় বুধবার গভীর রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ফোরকান উদ্দিন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 02:18 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ফোরকান উদ্দিন ১০৫, সেনপাড়া পর্বতার এবিএম ওবায়দুর রহমানের বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম সদর উপজেলার হরিষপুর গ্রামে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ফোরকান তার ভাতিজা দিদারুল আলমকে সঙ্গে নিয়ে সেনপাড়া পর্বতার বাসায় ফিরছিলেন। পথে ‘রত্নময়ী ফার্নিচার’ গলির সামনে ৪/৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ফোরকানউদ্দিন বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার বুক, পেট ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় সন্ত্রাসীরা দিদারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফোরকানউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, এ ব্যাপারে ওবায়দুর রহমানের ছেলে ডা. আরিফুল ইসলাম বাদি হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।