বাগমারায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৪ সদস্য আটক
বাগমারায় আঞ্চলিক কমান্ডারসহ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার চার সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বাগমারার ভারইপাড়া গ্রামের রনজিত কুমার মণ্ডল (৪০), বরমপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৩০), তাহেরপুর বাসুয়াপাড়ার রাজু আহম্মেদ (২৮), বামনকয়া গ্রামের রফিকুল ইসলামকে (৩৫) থানা পুলিশ আটক করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, রনজিৎ কুমার পূর্ব বাংলার (এমএল) লাল পতাকার আঞ্চলিক কমান্ডার ও ভারইপাড়া গ্রামের ওমর আলী হত্যা মামলার আসামী।
রনজিৎ কুমার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানান তিনি।
দীর্ঘদিন পালিয়ে থাকার পর বাড়িতে ফিরে এলে গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে। তাদের বিরুদ্ধে হত্যাসহ বাগমারায় থানায় একাধিক মামলা রয়েছে।
