বরিশালে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, গ্রেনেডসহ গোলাবারূদ উদ্ধার
বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চর আইচা গ্রামে বুধবার সকালে র্যাব অভিযান চালিয়ে মসজিদ থেকে আকরাম-উজ-জামান (২২) নামের সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করে চারটি দেশে তৈরি গ্রেনেড, পাওয়ারজেল, এবং বিপুল পরিমাণ স্প্লিন্টার।
ধৃত সন্দেহভাজন কোন সংগঠনের সঙ্গে জড়িত তা জানা যায়নি।
আকরামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগনা বুনিয়া গ্রামে। বাবার নাম তৈয়ুবুর রহমান।
আকরাম নগরীর খাঁজা মইনউদ্দিন মাদ্রাসার কারিয়ানা শাখার ছাত্র। সে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চর আইচা গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে ইমামতি করতো।
র্যাব-৮ এর কার্যালয়ে মেজর জামিল আহমেদ জানিয়েছেন, বুধবার সকাল ছয়টার দিকে তারা তাকে চৌকিদার বাড়ির জামে মসজিদ থেকে গ্রেপ্তার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে আকরাম মসজিদের পাশে হাজী আব্দুল খালেক রারীর বাসায় অস্ত্র ও গোলাবারূদ রেখেছে বলে জানালে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই গ্রেনেড ও গোলাবারূদ উদ্ধার করে।
২০০৪ সালে সদর উপজেলার রায়পাশা করাপুর এলাকার বর্মাদী মাদ্রাসা থেকে শৃংখলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হলে সে নগরীর খাজা মইনউদ্দিন কারিয়ানা মাদ্রাসায় ভর্তি হয়।
