২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংকসটেলের দাবি খারিজ করে দিয়েছে বিটিআরসি

বেসরকারি ফিক্সড ফোন প্রতিষ্ঠান র‌্যাংকসটেলের অবৈধভাবে ভিওআইপি প্রযুক্তি করেনি বলে যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

নিজস্ব প্রতিবেদক

আবু সাঈদ খান ও অনিকা ফারজানা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বিটিআরসির আইন ও নিবন্ধন কমিশনার এমএ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, “আমরা ভিওআইপি বা অপর কোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক টেলি যোগাযোগের বিষয়ে কোনো অনুমতি অথবা লাইসেন্স দেইনি।”

র‌্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপনের ২০০৬ সালে বিটিআরসির সাময়িকভাবে ভিওআইপি লাইসেন্স প্রদানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সালাম এ কথা বলেন।

এমএ সালাম বলেন,“র‌্যাংকসটেলের দাবি সত্যি নয়।”

তিনি জানান, র‌্যাংকসটেল এবং অন্যান্য প্রতিষ্ঠান ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং লাইসেন্সের জন্য টাকাও জমা দিয়েছে। তবে আদালতের স্থগিতাদেশের কারণে কোনো লাইসেন্স দেওয়া যাচ্ছে না।

বর্তমানে সিঙ্গাপুরে অস্থানরত জাকারিয়া স্বপনকে এব্যাপারে টেলিফোনে জিজ্ঞেস করা হলে ভিওআইপি লাইসেন্স না পাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, সংবাদ মাধ্যমের একটি অংশ তার বক্তব্যকে সঠিকভাবে প্রকাশ করেনি।

তিনি বলেন,“আমরা লাইসেন্স পাওয়ার আশা করেছিলাম এবং একারণে পরীক্ষামূলকভাবে ভিওআইপি পদ্ধতি চালিয়েছি।” চার মাসে ভিওআইপি পদ্ধতিতে মাত্র দুই কোটি মিনিট ব্যবহার করা হয়েছে স্বীকার করে তিনি বলেন,“এটা কোনো মতেই র‌্যংকসটেলের মতো একটি প্রতিষ্ঠানের জন্য বাণিজ্যিকভাবে ভিওআইপির ব্যবহার নয়।”

স্বপন বলেন, “প্রযুক্তিটি স্বাচ্ছন্দ্যপূর্ণ সেবা নিশ্চিত করতে এধরনের পরীক্ষামূলক ব্যবহারের প্রচলন রয়েছে।”

র‌্যাংকসটেলকে নিরাপরাধ দাবি করে স্বপন বলেন,“আমরা ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে চার মাস আন্তর্জাতিক টেলিফোন করি এবং ভিওআইপি লাইসেন্স পাওয়ার ব্যাপারে আশা হারিয়ে জানুয়ারিতে ভিওআইপির ব্যবহার বন্ধ করি।”

তবে বিটিআরসির কমিশনার এমএ সালাম স্বপনের বক্তব্য খারিজ করে দিয়ে বলেন,“সকল ধরনের বিচার বিশ্লেশনের পর একটি টেলিকম প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সেবা পরিচালনার অনুমতি দেওয়া হয় এবং কেউ যদি আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে এই কার্যক্রম আইনভঙ্গের সামিল।”

র‌্যাবের একটি গোয়েন্দা দল সোমবার রাতে র‌্যাংকস টেলের কার্যলয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ভিওআইপি কার্যক্রম চালানোর বিভিন্ন তথ্য প্রমান জব্দ করে।

অবৈধ ভিওআইপি কার্যক্রম বন্ধের জন্য ছয় সদস্যের একটি নিয়ন্ত্রক কমিটি এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব গোয়েন্দা দলের উপ পরিচালক মেজর শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অভিযানে তারা র‌্যাংকস টেলের কার্যালয় থেকে ২০০৬ এর সেপ্টেম্বর থেকে ২০০৭ এর জানুয়ারি পর্যন্ত ভিওআইপি কার্যক্রম পরিচালনার বিভিন্ন তথ্য প্রমান আটক করেছে।

প্রাপ্ত তথ্য অনুসারে র‌্যাংকসটেল গত পাঁচ মাসে দুই কোটি মিনিট অবৈধ ভিওআইপি ব্যবহার করেছে। র‌্যাব কর্মকর্তা জানায় তারা বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে ভিওআইপির মাধ্যমে টেলিফোনের ব্যাপারে র‌্যাংকসটেলের হতে যাওয়া চুক্তির কাগজপত্র উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, র‌্যাংকসটেলের ভিওআইপি সংযোগ ব্যবহার করে মুন্সিগঞ্জ এবং কাঁচপুরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ভিওআইপি ব্যবসার সন্ধান পেয়েছে তারা।

জাকারিয়া স্বপন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআরসি কি ঘুমিয়ে ছিল? কমিশনার আমাদের বলির পাঠা বানাতে চাচ্ছেন।”