চাঁদপুরে টিআর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে ৮ ইউপি সদস্য আটক
সরকারি টেস্ট রিলিফের (টিআর) প্রকল্পের ৯৬ বস্তা চাল আত্মসাতের অভিযোগে বুধবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের আট সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন, আহমদ উল্যাহ, ইসমাইল কাজী, জাহাঙ্গীর হাওলাদার, মিজান শেখ, ইসমাইল মিয়াজী, খাজে আহম্মদ, বিল্লাল হোসেন ও সালমা বেগম। আটককৃতরা বিভিন্ন প্রকল্প কমিটির চেয়ারম্যান বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে বিল্লাল হোসেন হাইমচর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং মিজান শেখ আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক।
এর আগে মঙ্গলবার বিকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে টেস্ট রিলিফের ৯৬ বস্তা চাল জব্দ করে।
বুধবার উল্লিখিত মেম্বাররা ওইসব চাল তাদের দাবি করে ইউএনও কার্যালয় এবং সেনা ক্যাম্পে গেলে তাদেরকে আটক করা হয়।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
