নতুন কিছু চাইলে নতুন নেতৃত্ব আসতে হবে: মইনুল হোসেন
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, “রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে পরিবর্তন না আসা পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা বলা যাবে না। এখন পর্যন্ত দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে এমন কোনো ইঙ্গিত পাচ্ছি না। নতুন কিছু চাইলে নতুন নেতৃত্ব আসতে হবে।”
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
যুক্তরাষ্টের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার আহ্বান প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “কুটনীতিকরা দেশের মঙ্গল চান, এটা ভাল। কিন্তু কিছু ক্ষেত্রে তারা বেশি আগ্রহ দেখাচ্ছেন।”
তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলের নামের পরিবর্তন চাই না বা দলগুলোকে বাদও দিতে বলি না। আমরা শুধু নেতার পরিবর্তন চাই”।
সেনা প্রধান মইন উ আহম্মেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, তিনি যে পরিবারতন্ত্র ও অতীত রাজনীতির পরিবর্তনের কথা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিতে নতুন ধারণা আসতে হবে।
আইন উপদেষ্টা বলেন, “দেশের এবং দেশের জনগণের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এ অবস্থায় আমরা পূরোনো রাজনৈতিক নেতাদের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না।”
তিনি আরো বলেন, “আজ দেশে যে সঙ্কট ও নৈরাজ্য চলছে তার মূলে রয়েছেন এসব দলের নেতারা। যে নেতাদের ব্যর্থতার জন্য দেশের আজ এ অবস্থা, দলে পরিবর্তন আনার জন্য তাদেরই কথা বলা উচিত। দলের নেতৃত্বে তাদেরই নতুন কাউকে আহ্বান জানানো উচিত।”
উপদেষ্টা বলেন, “সৎ সরকার প্রতিষ্ঠা করবে, আইন-শৃঙ্খলার উন্নতি ঘটাবে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে পারবে, এমন রাজনীতিবিদদেরই নেতৃত্বে আসতে হবে। পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন দিয়ে কোন লাভ নেই। তাহলে ওই অসৎ নেতারাই আবার ক্ষমতায় আসবে।”
‘দলীয় নেতৃত্বে পরিবর্তন না আসলে নির্বাচনের কী হবে’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, “সব কথার জবাব সব সময় দেওয়া যায় না”।
