২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশন নির্বাচনে ছবিসহ ভোটার তালিকার ব্যবহার হবে

সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশনগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুধবার কমিশনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “সংসদ নির্বাচনের আগে সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করে আমরা এর গ্রহণযোগ্যতা যাচাই করতে চাই। এই নতুন ধরনের ভোটার তালিকা পৌর নির্বাচনেও ব্যবহার করা হবে।”

তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশন ও পৌর নির্বাচন হবে বলে

প্রথমে শহরাঞ্চলে ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হবে। এই ভোটার তালিকা করার সময় একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্যও তথ্য সংগ্রহ করা হবে। আর ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হবে ডাটাবেইজ নির্ভর। এ জন্য একাধিক পরামর্শক নিয়োগ করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, আগস্ট মাস নাগাদ বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হবে। এ জন্য ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। কমিশন এ জন্য একটি প্রকল্প প্রস্তাব তৈরি করছে।

কমিশন সূত্র জানায়, আগামী ১৪ মে ঢাকা, ১৬ জুন রাজশাহী এবং ২৬ জুন খুলনা সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিতে হয়।

কিন্তু কমিশনের কাছে একটি সুষ্ঠু ভোটার তালিকা এবং নির্বাচন প্রস্তুতির যথেষ্ট সময় না থাকায় তারা নির্ধারিত সময়ে ওই তিনটি সিটি করপোরেশনের নির্বাচন করতে পারছে না। এ জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করে এই তিনটি নির্বাচন স্থগিত ঘোষণা করা হবে।