২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা তৈরি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়: মুনয়েম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাফ জানিয়ে দিয়েছেন,‘‘সঠিক ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এ প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগবে’’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সার্ক সম্মেলনকালে ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুনয়েম বলেন, ‘‘আমাদের ওপর প্রচণ্ড চাপ আছে। কিন্তু গত কয়েক বছর দেশে সুশাসন না থাকায় কাজটি আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে সৎ লোকজনদের অংশগ্রহণে একটি যথার্থ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চেষ্টার ত্রুটি করা হবে না। নয়াদিল্লি থেকে জানাচ্ছেন সুমন চক্রবর্তী।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নির্বাচনের সময়সীমা জানতে চাওয়ার একদিন পরেই ফাহিম মুনয়েম জোরালোভাবে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন।

ফাহিম মুনয়েম বলেন, সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ “ট্রিপল এম” নামে রোগে ভূগছে। আমরা জানি না কোথা থেকে এত টাকা আসছে? আমাদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। পেশিশক্তি প্রদর্শনকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

বাংলাদেশ সরকারের মুখপাত্র বলেন, এসব কারণে নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা অত্যন্ত কঠিন। আমাদের প্রথমে প্রশাসনকে দক্ষ, রাজনীতিমুক্ত, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে হবে। এ পর্যন্ত আমলারা রাজনৈতিক চাপের কারণে কাজ করতে পারেনি।

তার মতে, বর্তমান সরকার অন্ততঃ এটুকু নিশ্চিত করতে পেরেছে যে, কোনো পুলিশ কর্মকর্তা অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য এখন আর রাজনৈতিক নেতাদের কাছ থেকে টেলিফোন নির্দেশ পান না। জনগণকে জানতে হবে যে তাদের প্রার্থীরা মোট কত টাকা ব্যয় করতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর তহবিলের স্বচ্ছতা আনার পরই কেবল নির্বাচনের সূচি ঘোষণা করা হবে।