২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সৃষ্টির পরই নির্বাচন: উপদেষ্টা মতিন

উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন বলেছেন, সরকার যেসব সংস্কারের কাজ হাতে নিয়েছে, তা সম্পন্ন হলেই দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। আর নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে মনে করলে সরকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নির্বাচনের সময়সীমা বেঁধে দিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিসের আহ্বানের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিউটেনিস মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে ওই আহ্বান জানান।

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে কতদিনের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হবে, এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনই কথা বলবে। তারাই এ বিষয় নিয়ে কাজ করছে। প্রয়োজনে তারা এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবে। নির্বাচনের তারিখ ঘোষণার আগে কমিশন সরকারের কাছে প্রস্তাব করবে।

বুধবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মতিন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন সংস্কার এবং দূর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থাসহ সরকারের বিভিন্ন কার্যক্রমের উদাহরণ আরও বলেন, তিন মাসে সরকার অনেক অর্জন করেছে। দেশে এ সময়ে অনেক ভাল কাজ হয়েছে। সরকারের কর্মপরিকল্পনার অনেক কিছু এরইমধ্যে বাস্তবায়ন হয়েছে। তবে অনেক কাজ এখনো বাকি।

দুদকের জনবল বৃদ্ধি ও কর্মকাণ্ড গতিশীল করার বিষয়ে ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র চেয়ারম্যান এমএ মতিন বলেন, বিভিন্ন অভিযোগ তদন্ত করার জন্য দুদক-এ দক্ষ ও অভিজ্ঞ জনবল দরকার। এজন্য পুলিশ বাহিনী থেকে বাছাই করে লোক নেওয়ার জন্য দুদক চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছি। কিন্তু তারা এখনো সেটা করেছে বলে আমি জানি না। জরুরি প্রয়োজনে দুর্নীতি দমন টাস্ক ফোর্সকে দুদকের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হতে পারে।