২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় আরও একটি মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পূর্ব কুরুশিয়া গ্রামের জনৈক ইলিয়াস মঙ্গলবার রাতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে এক নম্বর আসামী ও যৌথবাহিনীর হাতে গ্রেফতার পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসিরউদ্দিন সেলিমসহ মোট নয়জনকে আসামী করা হয়।

এ নিয়ে রাঙ্গুনিয়া থানায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা হলো।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমেদ জানান, রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা তার নির্দেশে ইলিয়াসের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের নেতৃত্বে সাকা চৌধুরীর অনুসারীরা ৬ মার্চ ইলিয়াসকে জোর করে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। পরে তার বাড়ি থেকে পাঁচটি গরু নিয়ে যায় তারা। এ ঘটনার বিচার চাওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ইলিয়াসকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয় এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এ কারণে এতোদিন মামলা করতে পারেননি বলে ইলিয়াস মামলার এজাহারে উল্লেখ করেন।

এর আগে চন্দ্রঘোনার জনৈক রাজা মিয়া, লালা নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, স্থানীয় মাছ ব্যবসায়ী মুছা সওদাগর ও লালানগরের জসিম বাদী হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন।