২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিত শ্রেণীর ব্যর্থতার কারণেই সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছে: মইনুল হোসেন

রাজনৈতিক সংস্কার ও পরিবর্তনের জন্য সেনাবাহিনী অভিজ্ঞ না হলেও রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবীসহ শিক্ষিত শ্রেণীর ব্যর্থতার কারণেই আজকে তাদের সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে আসতে হয়েছে। দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের ব্যর্থতাই দায়ী। তাদের জন্যই দেশ আজ মহাসঙ্কটে পড়েছে। বুধবার বাংলাদেশ দর্শন সমিতি আয়োজিত এক সেমিনারে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ‘আমাদের শিক্ষা ব্যবস্থা: শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি মইনুল হোসেন বলেন, “শিক্ষিত শ্রেণী যে ভুল করেছে তা অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনী এদেশেরই সন্তান, তারা দেশপ্রেমী। কিন্তু দেশ চালানোর জন্য দরকার রাজনীতিবিদদের।”

শিক্ষক ও ছাত্রদের দলীয় লেজুড়বৃত্তি এবং রাজনীতি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “শিক্ষকদের ব্যর্থতার কারণে দেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। শিক্ষকরা যদি নিষ্ঠাবান না হন তবে ছাত্ররাও তা হবে না। শিক্ষকদের শিক্ষক থাকতে হবে।” তিনি বলেন, “ছাত্র রাজনীতি বন্ধ করতে হলে, শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও দায়ী।”

শিক্ষকদের বেতন বাড়ানো প্রসঙ্গে বলেন, শিক্ষকদের বেতন বাড়ানো যাবে কিন্তু তারা কী দিচ্ছেন তা খতিয়ে দেখতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসাদুজ্জামান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দর্শন সমিতির সভাপতি এম আমিনুল ইসলাম।

উপদেষ্টা মইনুল হোসেন বলেন, “দেশের যে প্রক্রিয়ায় সেনাবাহিনী মাঠে নেমেছে তা কারোরই কাম্য ছিল না। রাজনীতিবিদরা যে ভুল করেছে তার জন্যই এটা করতে হয়েছে। রাজনীতিবিদরা দেশকে ভুল পথে চালিত করেছেন। সঙ্কট থেকে উত্তরণের জন্যই সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসাদুজ্জামান বলেন, “আমাদের শিক্ষাঙ্গনেও কিছুটা পচন ধরেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে জবাবদিহিতা নেই। বিশ্ববিদ্যালয় আইনগুলোর মধ্যে গরমিল রয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্যদের অত্যাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে তারা যা ইচ্ছা তা করেছে। ১৯৭৩ সালের অধ্যাদেশ পাল্টাতে হবে। সত্যিকার অর্থে শিক্ষা উপযোগী বিধিমালা নিতে হবে।

শিক্ষক রাজনীতি সম্পর্কে তিনি বলেন, “শিক্ষকদের রাজনীতি সীমিত করতে হবে। যতোদিন আমরা নিজেদের মধ্যে ‘পলিটিক্স’ বন্ধ না করবো ততোদিন শিক্ষার পরিবেশ উন্নত হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৈনিক ৪৫ থেকে ৫৫ লাখ টাকা খরচ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একমাস বন্ধ থাকলে এর ব্যয়ভার দেশের দরিদ্র মানুষকে বহন করতে হয়।”

বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, এতোগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নেই। এসব বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রির ব্যবসা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫২ জন ‘ফার্স্ট ক্লাস’ পায়। অথচ ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তো পরীক্ষার খাতায় কিছু না লিখেও ‘এ প্লাস’ পায়।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান শিক্ষক রাজনীতি সম্পর্কে বলেন, “পোষা বাঘ যেমন বাঘ হতে পারে না, তেমনি পোষা শিক্ষকও শিক্ষক হতে পারে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, “আমাদেরকে মূল্যবোধ এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।”

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ দর্শন সমিতির সভাপতি অধ্যাপক ড. আমিনুল ইসলাম। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার বাধ্যতামূলক কোর্স প্রবর্তনের জন্য আবেদন করেন। এ ছাড়া সময়োপযোগী শিক্ষার জন্য কিছু সুপারিশও পেশ করেন।