চাঁদা চাওয়ার অভিযোগে ডেসার ৩ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
১ লাখ টাকা চাঁদা না পেয়ে বার বার বাসার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) তিন প্রকৌশলীর বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর ১৩৬/১ আর. কে মিশন রোডের বাসিন্দা এম. এ কালাম বাদী হয়ে মঙ্গলবার দন্ডবিধির ৩৮৫/৪০৬/৪০৯ ও ৩৪ ধারায় ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।
ডেসার কমলাপুর অফিসের উপসহকারী প্রকৌশলী মো. লুৎফর রহমান, উপসহকারী প্রকৌশলী রহমত উল আজিজ, সহকারী প্রকৌশলী মেহেদুর রহমানসহ ৩ জন লাইনমম্যানকে মামলায় আসামি করা হয়েছে। মহানগর ম্যাজিষ্ট্রেট এ জে এম আবদুল্লাহ হেল বাকী মামলাটি গ্রহণ করেন এবং তদন্তপূর্বক এজাহার হিসেবে নেওয়ার জন্য মতিঝিল থানার ওসি কে আদেশ প্রদান করেছেন।
অভিযোগে বাদী আদালতে বলেন, আর. কে মিশন রোডে ৪ তলা বাড়িটি নির্মাণ করে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন। কয়েকটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। তিনি বিদ্যুৎ বিলসহ যাবতীয় বিল নিয়মিত পরিশোধ করেছেন।
আসামিরা তার কাছে গত ২৮ মার্চ এক লাখ টাকা চাঁদা দাবি করে।
এর আগে তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার বাসার বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে তিনি মতিঝিল থানায় গত ২২ মার্চ একটি জিডি করেন। বিষয়টি সম্পর্কে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গত ২৭ মার্চ ডেসার চেয়ারম্যান বরাবর আবেদনও করেন।
এতে আসামিরা ক্ষীপ্ত হয়ে ২৯ মার্চ বিকাল বেলা আবারো তার বাসার সংযোগ তার বিচ্ছিন্ন করে। তার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মশিহুর রহমান।
