বুধবার থেকে বাড়ছে পরিবহন ভাড়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বুধবার থেকে বাড়ছে পরিবহন ভাড়া। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন।
বাসভাড়া প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি সাত পয়সা এবং পণ্যবাহী ট্রাকে টনপ্রতি ২৩ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে প্রতি কিলোমিটারে যাত্রীবাহী বড় বাসে ভাড়া ছিল ৮০ পয়সা এবং মিনিবাসে ৮৩ পয়সা। এছাড়া ট্রাকে টনপ্রতি ভাড়া ছিল ২০ পয়সা।
এই ঘোষণার আগে উপদেষ্টা এম এ মতিন ও যোগাযোগ সচিব মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু বকর মো. শাহজাহান।
সন্ধ্যায় যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
