২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতা আইনের অধীনে জামিন নিয়ে হাইকোর্টের রায় ১৫ এপ্রিল

জরুরি ক্ষমতা আইনে জামিন দেওয়া যাবে কিনা সে বিষয়ে হাইকোর্ট ১৫ এপ্রিল রায় দেবে। তবে এ সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন আবেদন বিবেচনা করতে পারবে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 06:03 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়।

শুনানিতে ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী বিষয়টি মুলতুবির আবেদন জানিয়ে বলেন, জরুরি ক্ষমতা অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনীতে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অন্তর্ভুক্ত হয়েছে। সরকার জরুরি ক্ষমতা অধ্যাদেশের জামিন সংক্রান্ত বিধান আবার পরিবর্তন করবে।

তিনি জানান, ওই সংশোধনীতে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির মামলায় জামিন চাওয়ার বিধান রাখা হবে।

আদালত বলেন, জরুরি ক্ষমতা অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনীতে আদালত বলতে বিচারিক আদালত ও ট্রাইবুনালকে বোঝানো হয়েছে। ফলে এই আদালতের অভিমত, হাইকোর্ট জামিনের আবেদন বিবেচনা করতে পারবে।

আদালত এই অভিমত ব্যক্ত করে জরুরি ক্ষমতা আইনে জামিন দেওয়া যাবে কিনা এই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ার জন্য ১৫ এপ্রিল তারিখ নির্ধারণ করে। এই সময় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

যে মামলাটি থেকে জামিন দেওয়া না দেওয়ার প্রশ্ন উত্থাপিত হয়েছে সেই তেল পাচার মামলার আসামী মাইজুদ্দিন শিকদারকে মঙ্গলবার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছে আদালত।

হাইকোর্টের আদেশের বিষয়ে ব্যারিস্টার রফিক উল হক বলেন, হাইকোর্ট এখন জরুরি ক্ষমতা আইনে জামিনের আবেদন বিবেচনা করতে পারবে। তিনি হাইকোর্টের অন্য দুইটি জামিন সংক্রান্ত বেঞ্চে এ আদেশ জানান।