শিগগিরই বিচারপতি ফয়জীকে তলব করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীকে শিগগিরই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হতে হবে। বিচারপতি ফয়জীর বক্তব্য শোনার জন্য দুয়েকদিনের মধ্যে তাকে কাউন্সিলে তলব করা হবে। সুপ্রিম কোর্ট সূত্রে মঙ্গলবার এই তথ্য জানা গেছে।
এদিকে সম্প্রতি মারা যাওয়া ১৭জন আইনজীবী স্মরণে মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় (ফুল কোর্ট রেফারেন্স) সব বিচারককে আমন্ত্রণ জানানো হলেও বিচারপতি ফয়জী এতে দাওয়াত পাননি বলে সূত্র জানিয়েছে। বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ১ নং আদালত কক্ষে অনুষ্ঠিত এ স্মরণসভায় বিচারপতি ফয়জী ছাড়া আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি যোগ দেন।
প্রতিদিনের মত মঙ্গলবারও হাইকোর্টের বিচারপতির পতাকা শোভিত গাড়িতে করে বিচারপতি ফয়জী আদালতে আসেন। সূত্র জানিয়েছে, বিচারপতি ফয়জী নিজে থেকেই চিঠি দিয়ে প্রধান বিচারপতিকে জানিয়েছেন যে তিনি ফুল কোর্ট রেফারেন্স এ উপস্থিত থাকতে পারবেন না।
ফলাফল জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ বিচারপতি ফয়জীসহ দুই হাজার ৪শ জনের সনদ বাতিল করে দেয়। এরপর গত ১০ মার্চ বিচারপতি ফয়জীসহ ৫০ জনের সনদ বাতিলের গেজেট প্রকাশ করে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ।
৪ মার্চ বিষয়টি পত্রিকায় প্রকাশিত হলে বিচারপতি ফয়জী সেদিন বিচারকাজে না বসে একদিনের ছুটির আবেদন করেন। পরদিন তিনি ছুটির মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর আবেদন জানান। ১৫ মার্চ ফের ২৫ মার্চ পর্যন্ত ছুটির আবেদন করা হয়। এরপর তিনি আর ছুটির আবেদন জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছূক সুপ্রিম কোর্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের জানান বিচারপতির ফয়জীর ছুটির আবেদনের একটিও অনুমোদন করেননি প্রধান বিচারপতি।
এদিকে, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের রাষ্ট্রপতির নির্দেশের অনুলিপি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গত ২৭ মার্চ প্রধান বিচারপতির কাছে পৌঁছে। ২৮ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রথম বৈঠক হয়। সোমবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আনুষ্ঠানিক কোনো বৈঠক না বসলেও কাউন্সিল কাজ চালিয়ে যাচ্ছে বলে সুপ্রিম কোর্টের ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান।
বিচারপতি ফয়জী সোমবার সকালে সুপ্রিম কোর্টে তার চেম্বারে আসেন। বিকালে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
ফয়সল মাহমুদ বিচারপতি ফয়জীর এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গত ১৯ মার্চ হাইকোর্ট স্থগিত করে দেয়।
