ফখরুদ্দীন আহমদের ভাষণের অনুবাদ
মাননীয় ড. মনমোহন সিং মান্যবরেরা, উপস্থিত সুধীমণ্ডলী ১৪তম সার্ক সম্মেলন উপলক্ষে নয়াদিল্লীতে আসতে পেরে আমি খুবই খুশি। অপূর্ব এই নগরীর বাতাসে ছড়িয়ে রয়েছে ইতিহাসের ঘ্রাণ, দক্ষিণ এশিয়ার সংস্কৃতি আর ঐতিহ্যে এর অবদান অপরিমেয়। এই নগরীর সুবর্ণ অতীত শক্তিশালী বন্ধন তৈরির যথার্থ স্থান। আর সার্কের মূল সুরের সঙ্গে তা খুবই মানানসই। আমরা আমাদের জনগণের মাঝে তা ছড়িয়ে দিতে চাইছি। আমি এবং আমার সহকর্মীরা স্বাগতিকদের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ এবং বিশাল এই আয়োজনের নিখুঁত ব্যবস্থাপনায় মোহিত হয়েছি।
ঢাকায় অনুষ্ঠিত ১৩তম সার্ক সম্মেলনে আমরা এই অঞ্চলের দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়ায় পরিবর্তনের ওপর জোর দিয়েছিলাম। আমাদের এই উদ্যোগের প্রতিফলন দেখা গেছে যখন মাঝের সময়গুলোতে বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রী পর্যায়ে রেকর্ড পরিমাণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী প্রধান হিসেবে আমি সব সদস্য দেশের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই প্রক্রিয়ার আপনাদের সমর্থন ও সহযোগিতার জন্য।
আমাদের এই সংগঠনের নেতৃত্বের প্রতীক শিখা প্রদান করা হবে ভারত এবং এর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে। ভারতের অসাধারণ সামর্থ্য এবং দেশটির প্রধানমন্ত্রীর যোগ্যতা আমাদের আশ্বস্ত করছে যে পরবর্তী সম্মেলনের আগ পর্যন্ত এই সংগঠনের নেতৃত্ব যোগ্য এবং নিরাপদ হাতেই আছে। মহামান্য আমাদের উষ্ণ অভিবাদন গ্রহণ করুন।
এই সুযোগে আমি আমাদের নতুন সদস্য দেশ আফগানিস্তান ও দেশটির মহামান্য রাষ্ট্রপতি হামিদ কারজাইকে উষ্ণ অভিনন্দন জানাতে চাই। আফগানিস্তানের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে সার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আমরা সেই সঙ্গে পর্যবেক্ষক হিসাবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিকেও স্বাগত জানাচ্ছি। তাদের উপস্থিতি নিঃসন্দেহে সার্কের কর্ম প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব রাখবে।
মাননীয় চেয়ারম্যান,
বাংলাদেশ সার্ককে আঞ্চলিক সমৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের প্রভাবক হিসাবে মনে করে। এর জন্মলগ্ন থেকেই আমরা আমাদের অভিজ্ঞতা, সম্পদ এবং পরামর্শ দিয়ে এই লক্ষ্য পূরণের চেষ্টা করছি। দারিদ্র্য বিমোচন এখনও আমাদের সবার জন্য প্রধান চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। আমাদের প্রচেষ্টা কয়েকগুণ বাড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন সার্কের উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা পরিপূর্ণ ভাবে উপলব্ধি করতে পারি।
আমরা ঢাকা সম্মেলনে সার্ক উন্নয়ন তহবিল গঠনের অনুমোদন দিয়েছিলাম। এখন আমাদের কাম্য এই তহবিলের সক্রিয় হয়ে ওঠা।
আমরা সন্তুষ্ট যে সাফটা এখন কার্যকর। সাফটা চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন আমাদের অর্থনীতির সম্মিলনের পথ তৈরি করবে। সাফটার সম্ভাবনাকে ব্যাপ্তি দিতে আমাদের বাণিজ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি শুল্ক মুক্ত বাণিজ্যে মনোযোগী হতে হবে।
দক্ষিণ এশিয়ার অর্থনীতি বহুধা এবং ব্যাপক। তাই আমাদের পরস্পরের সহায়ক ভুমিকার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আমাদের মধ্যে যারা বড় এবং সমৃদ্ধ তাদের দায়িত্ব পিছিয়ে থাকাদের সাহায্য করা।
মাননীয় চেয়ারম্যান,
আমরা "গ্রীন সাউথ এশিয়া বর্ষ” পালন করছি। এই অঞ্চলের জলবায়ুর মান অবনতিতে আমাদের সম্মিলিত উদ্বেগের প্রতিফলন তা। দক্ষিণ এশিয়ার কয়েকটি অঞ্চলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দুষণের প্রকোপ বেড়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আরেকটি প্রচ্ছন্ন হুমকি। আমাদের নদীগুলোতে লবণাক্ততা বেড়ে যাওয়াটাও যথেষ্ট উদ্বেগজনক। এসব প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ এ জন্য সম্মিলিত উদ্যোগ নেয়ার ও শক্ত আঞ্চলিক সহযোগিতার দাবি জানাচ্ছে আমাদের এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও ব্যবহারের জন্য।
মাননীয় চেয়ারম্যান,
একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন এই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে গুরুত্ব না দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সাহসী উদ্যোগ আজ খুব প্রয়োজন। গত বছর ঢাকায় সার্ক দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র সচিবদের মধ্যেকার সর্বপ্রথম সম্মেলনটি ছিল এই লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সন্ত্রাসের মূল কারণগুলোতেও আমাদের নজর দিতে হবে।
এই অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো অর্থবহ করতে নতুন ধারণার প্রয়োজন পড়ছে। এই প্রেক্ষিতেই ঢাকা সম্মেলনে ড. মনমোহন সিংয়ের প্রস্তাবিত দক্ষিণ এশিয়ান বিশ্ববিদ্যালয় তৈরির ধারণাকে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। এটা এমন ভাবে তৈরি করতে হবে যেন তা গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে। অন্য একটা ভালো উদ্যোগ হতে পারে আঞ্চলিক পর্যটন সুবিধা বাড়ানো। সার্ক অঞ্চলের পর্যটকদের ঐহিত্যবাহী এবং পূরতাত্ত্বিক শহরগুলোয় ভ্রমনের জন্য একটা সাধারণ মূল্য নির্ধারন করার দাবি জানাচ্ছে বাংলাদেশ। ট্র্যাক-টু প্রক্রিয়াকে আরো সংহত করার মাধ্যমে এই অঞ্চলের সুশীল সমাজের মাঝে বন্ধনকেও আরো দৃঢ় করা সম্ভব হবে।
খুবই আক্ষেপের ব্যাপার হচ্ছে এই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা এখনও খুবই নিম্নমানের। এই খাতে আমাদের দক্ষতা তাই বাড়াতে হবে সেই সঙ্গে কমাতে হবে শুল্ক হার। আমরা আরো প্রস্তাব করছি এই অঞ্চলের যুব সমাজকে কাছাকাছি আনার জন্য প্রতিবছর সার্ক ইয়ুথ ক্যাম্প প্রতিবছর আয়োজনের। বাংলাদেশ এ বছর প্রথম ক্যাম্পটি সানন্দেই আয়োজন করতে রাজি।
তথ্যভিত্তিক বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জে সামিল হতে আমাদের খুব দ্রুত প্রযুক্তিক দক্ষতায় সক্ষমতা বাড়াতে হবে। আমাদের যুবাদের জন্য আই সি টি এবং বায়ো সাইন্সে আরও ব্যাপকাহারে সার্ক বৃত্তি কর্মসূচীর প্রস্তাবনা আনছি আমরা। আমাদের বিশ্বাস ভারত এই ব্যাপারে প্রধান ভুমিকা পালন করতে সক্ষম।
মাননীয় চেয়ারম্যান,
আমাদের নাগরিকেরা এমন একটা পরিবেশ আশা করে যেখানে তারা তাদের সামর্থ্যরে পূর্ণাঙ্গ রূপ উপলব্ধি করতে পারবে, যেখানে রাষ্ট্র এবং এর মৌলিক ভিত্তিগুলো সবার জন্যই সমান সুযোগ নিশ্চিত করবে এবং আইনের শাসন আর ভালো প্রশাসন নিশ্চিত করবে। দক্ষিণ এশিয়ার সবাই গণতন্ত্রের এই মৌলিক নীতিগুলোর প্রতি দায়বদ্ধ। এই কারণের এটা প্রত্যাশিত যে সরকার এবং জনপ্রতিনিধিরা মুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন, যা এ অঞ্চলের মানুষদের ঐকান্তিক আগ্রহকে প্রতিফলিত করে।
মাননীয় চেয়ারম্যান,
আমাদের লক্ষ্য এমন একটি দক্ষিণ এশিয়ার জন্ম দেওয়া, যা হবে দারিদ্র ও ক্ষুধার শিকল থেকে মুক্ত, যেখানে আইনের শাসন ও ন্যায় বিচার মানুষকে গর্বিত করবে, যেখানে শোষণ ও বঞ্চণা থাকবে ইতিহাসের পাতায়, যেখানে সৎ ও যোগ্য লোক মূল্যায়িত হবে, যেখানে জ্ঞান অগ্রসর হবে এবং সামাজিক উন্নয়নে উদ্দীপনা যোগাবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে উদ্ধৃত করে সত্যিকারের জনগণের সার্ক গতে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন, ফখরুদ্দীন আহমদ।
