স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়।
নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে কঠোর নিরাপত্তার মধ্যে বেলা সাড়ে এগারোটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শারীরিক পরীক্ষার জন্য তাকে শাহবাগের ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং (এমআরআই), সিটি স্ক্যান, এক্সরে এবং রক্তের হিমোগ্লোবিনের সংখ্যাসহও ইএসআর পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষা-নীরিক্ষা শেষে দুপুর ১টা ৫০ মিনিটে পুনরায় প্রিজন ভানে তারেককে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মহা কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার জন্য তারেক রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে আবার তাকে কারা হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।
বিএসএমএমইউর চিকিৎসকরা জানান, তারেক রহমানকে হাসপাতালে নেওয়ার পর প্রথমে তাকে প্রিজন সেলে নেওয়া হয়। সেখানে এক ঘন্টা বিশ্রামের পর সাড়ে ১২ টায় তাকে এমআরআই করার জন্য রেডিওলজি বিভাগে নেওয়া হয়। এমআরআই পরীক্ষা শেষে রক্ত পরীক্ষার জন্য তার শরীর থেকে পাঁচ সিসি রক্ত নেওয়া হয়। তারেক প্রথমে রক্ত দিতে ভয় পেলেও পরে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন-ড্যাব এর সদস্য এক চিকিৎসকের সহায়তায় তার রক্ত নেওয়া হয়।
এমআরআই শেষে এক্সরে কক্ষে নেওয়ার সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরা বেশ কয়েকজন ফটো সাংবাদিককে ধাক্কা দিয়ে ক্যামেরাসহ ফেলে দেয়।
বিএসএমএমইউএর প্যাথোলজি স্পেশালিস্ট ডা. মোহাম্মদ নুরুর রহমান জানান, তারেক রহমানের টিসি, ডিসি, হিমোগ্লোবিন এবং ইএসআর পরীক্ষার জন্য মোট পাঁচ সিসি রক্ত নেওয়া হয়েছে।
বিএসএমএমইউএর প্যাথোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মিজানুর রহমান জানান, সাধারণত কিডনি, স্পাইনাল কর্ডের সমস্যা এবং যে কোন ধরনের আঘাত বা ব্যাথার জন্য এ ধরনের পরীক্ষা করা হয়ে থাকে।
এর আগে চাঁদাবাজি মামলায় তারেক রহমানকে গত ৭ মার্চ মইনুল হোসেন সড়কের বাসভবন থেকে আটক করে যৌথবাহিনী। বর্তমানে তিনি কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আগামী ৫ এপ্রিল মহানগর মুখ্য হাকিম আদালতে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বিচারকাজ শুরু হবে।
