২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

রূপসী বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সাব্বির হায়দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, রূপসী বাংলা চ্যানেলের আসল ব্যবস্থাপনা পরিচালক ড. এম হায়দার আলীর মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

ড. এম হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, অনেকদিন ধরে সাব্বির নিজেকে রূপসী বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে ও জাল স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতি করে আসছিল। এমনকি সে চ্যানেলের কিছু অসাধু কর্মচারী ও কিছু অসাধু সরকারি কর্মকর্তার সহায়তায় একটি ভুয়া পিডিও (পারটিকুলারস অব ডিরেক্টর) পাশ করিয়ে নিয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই আহমেদ কবীর জানান, সাব্বিরের বিরুদ্ধে চলতি বছরের ৩০ মার্চ জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়। এ ছাড়া গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গত বছরের জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগসহ আরও চারটি মামলা রয়েছে।