আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন শুরু
আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে মঙ্গলবার শুরু হয়েছে দুদিনব্যাপী চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারপার্সন ফখরুদ্দীন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তী এক বছরের জন্য ড. মনমোহন সিংকে সার্কের চেয়ারপার্সন করা হয়।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দ রাজাপাক্ষে, নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা, ভূটানের প্রধানমন্ত্রী লিওনপু খান দু ওয়াংচুক, মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে স্বাগত জানান। (আরও তথ্যসহ)
এবারের সার্ক সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে আছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা।
বাংলাদেশ সময় বেলা ১১টায় আমন্ত্রিত অতিথিরা মূল সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমদ নতুন সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং এ বিষয়ে যৌথ সার্ক ঘোষণায় স্বাক্ষর করার জন্য সবাইকে আহ্বান জানান।
যৌথ ঘোষণায় স্বাক্ষর শেষে হামিদ কারজাই নিজ আসন থেকে উঠে গিয়ে সবাইকে ধন্যবাদ জানান। নিজ আসনে ফিরে আসার সঙ্গে সঙ্গেই এর সামনে রাখা ‘বিশেষ আমন্ত্রিত অতিথি’ চিহ্নিত কার্ডটি বদলে ঝুলিয়ে দেওয়া হয়-‘আফগানিস্তান’।
অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমদ ভাষণে বলেন, “ঢাকায় অনুষ্ঠিত ১৩তম সার্ক সম্মেলনে আমরা এই অঞ্চলের দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়ায় পরিবর্তন আনার ওপর জোর দিয়েছিলাম। আমাদের এই উদ্যোগের প্রতিফলন দেখা গেছে যখন মাঝের সময়গুলোতে বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রী পর্যায়ে রেকর্ড পরিমাণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী প্রধান হিসেবে আমি সব সদস্য দেশের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই প্রক্রিয়ায় সমর্থন ও সহযোগিতার জন্য।”
তিনি আরো বলেন, “আমাদের এই সংগঠনের নেতৃত্বের প্রতীক শিখা প্রদান করা হবে ভারত এবং এর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে। ভারতের অসাধারণ সামর্থ্য এবং দেশটির প্রধানমন্ত্রীর যোগ্যতা আমাদের আশ্বস্ত করছে যে পরবর্তী সম্মেলনের আগ পর্যন্ত এই সংগঠনের নেতৃত্ব যোগ্য এবং নিরাপদ হাতেই আছে।”
ফখরুদ্দীন আহমদ বলেন, “সার্কে আফগানিস্তানের অন্তর্ভুক্তি একটি মাইলফলক।”
তিনি বলেন, “পর্যবেক্ষক হিসাবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্তিকেও আমরা স্বাগত জানাচ্ছি। তাদের উপস্থিতি নিঃসন্দেহে সার্কের কর্ম প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব রাখবে।”
সার্কের নতুন চেয়ারপার্সন ড. মনমোহন সিংকে উদ্দেশ করে ফখরুদ্দীন আহমদ বলেন, “বাংলাদেশ সার্ককে আঞ্চলিক সমৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের প্রভাবক মনে করে। দারিদ ্রবিমোচন এখনও আমাদের সবার জন্য প্রধান চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। আমাদের প্রচেষ্টা কয়েকগুণ বাড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন সার্কের উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা পরিপূর্ণ ভাবে উপলব্ধি করতে পারি।”
তিনি বলেন, “আমরা ঢাকা সম্মেলনে সার্ক উন্নয়ন তহবিল গঠনের অনুমোদন দিয়েছিলাম। এখন আমাদের কাম্য এই তহবিলের সক্রিয় হয়ে ওঠা।”
দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কথা উল্লেখ করে ফখরুদ্দীন আহমদ বলেন, “সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সাহসী উদ্যোগ আজ খুব প্রয়োজন। পাশাপাশি সন্ত্রাসের মূল কারণগুলোতেও আমাদের নজর দিতে হবে।”
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে শুরু হওয়েছে এবাবের সার্ক সম্মেলন। এর প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে পুরো সার্ক অঞ্চলেই পরিবহন ও অবকাঠামো সম্প্রসারণ, সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ৩০ কোটি ডলারের সার্ক উন্নয়ন তহবিলকে সচল করা।
