২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হিজবুত তাওহীদ ও হরকাতুল জিহাদের ৮ সদস্য গ্রেপ্তার

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোববার ও সোমবার ময়মনসিংহ শহর ও ভালুকা উপজেলা থেকে হিজবুত তাওহীদ ও হরকাতুল জিহাদের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রোববার রাতে ময়মনসিংহ শহরের আকুয়া ও কাঁচিঝুলি এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে হিজবুত তাওহীদ এর জেলা আমিরসহ চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন সংগঠনটির ময়মনসিংহ জেলা আমির এনামুল হক বাপ্পা, কিশোরগঞ্জ জেলার সাবেক আমির মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব-৯ এর ক্যাপ্টেন ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বর্তমান জরুরি অবস্থায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরও ঘরোয়াভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ওই বাসা থেকে প্রচুর জিহাদি বই, লিফলেট, গামবুট, চেক বই, ব্যাগসহ নানা সামগ্রী উদ্ধার করে। র‌্যাব সদস্যরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে কোতোয়ালি থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে জরুরি আইন লংঘন করে বেআইনি সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, হিজবুত তাওহীদের নেতাকর্মীরা গোপনে সমাবেশ করছে এমন খবর পেয়ে র‌্যাব-৯ সদস্যরা রোববার রাতে শহরের আকুয়া দক্ষিণপাড়ার একটি বাসায় অভিযান চালায় এবং হাতেনাতে কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আমির মনিরুল ইসলামসহ তিনজনকে আটক করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের হামিদউদ্দিন রোডের অপর একটি বাসা থেকে ময়মনসিংহ জেলা শাখার আমির এনামুল হক বাপ্পাকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত আব্দুল বারির পুত্র।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের শেখ ইসমাইল হোসেনের ছেলে। ময়মনসিংহ শহরের আকুয়া দক্ষিণ পাড়া আমজাদ ব্যাপারী রোডের মৃত আবদুস সাত্তারের পুত্র জাহাঙ্গীর আলম (২৬) ও মৃত চাঁন মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মামুন।

এদিকে সোমবার দুপুরে পুলিশ ময়মনসিংহের ভালুকা উপজেলার গহিন অরণ্য ঘেরা জীবনতলা গ্রামের আল জামিয়াতুল নুরুল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের নেতা আবদুর রউফের স্ত্রী সাদেকা বেগম ও সদস্য মোস্তাফিজুর রহমান, সীড স্টোরের ইলিয়াস ও হবির বাড়ির বিল্লালকে গ্রেপ্তার করেছে।

সেখান থেকেও পুলিশ প্রচুর জিহাদি বই, লিফলেট, ক্যাসেট, মোবাইল ফোন, রশিদ বই উদ্ধার করেছে।

গফরগাঁও সার্কেলের এএসপি দেওয়ান লালন আহমেদ জানান, হরকাতুল জিহাদের সদস্যরা আবারও সংগঠিত হচ্ছে খবর পেয়ে এ অভিযান চালানো হয়।

ভালুকা থানা পুলিশের একটি সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানি খায়েরহাট গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিনে বের হয়ে এসে আবার সাংগঠনিক তৎরপতা শুরু করেন।