২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভারত পদক্ষেপ নিচ্ছে: প্রণব মুখার্জী

বাংলাদেশের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভারত একতরফাভাবে কিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সার্ক সম্মেলনের প্রাক্কালে দিল্লীতে বিবিসি রেডিওকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে প্রণব মুখোপাধ্যায় বলেন, “বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমান বাণিজ্য ঘাটতি প্রায় ১৫০ কোটি ডলার। এই ঘাটতি কমিয়ে আনার জন্য ভারত অগ্রণী হয়ে একতরফাভাবে বেশকিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।”

বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক সম্পর্কে প্রণব মুখোপাধ্যায় বলেন, “দুই দেশের মধ্যে সম্পর্ক তো ভালোই। তবে মাঝে-মধ্যে এর মধ্যেও কিছু সমস্যা দেখা দেয়। আলোচনার মাধ্যমেই তার নিষ্পত্তি করতে হয়। এই নীতি নিয়েই আমরা চলছি।”

দুই দেশের মধ্যে রেল যোগাযোগ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে এখনও রেল যোগাযোগ চালু করা সম্ভব হয়নি। আগরতলা-আখাউড়া রেললাইন চালু করা দরকার। তাছাড়া কিছু কিছু সংস্কার করে শিয়ালদহ-জয়দেবপুর রুটেও রেল যোগাযোগ চালু করা প্রয়োজন।” আশুগঞ্জে একটি ট্রানজিট রুট হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

প্রণব মুখোপাধ্যায় আরও বলেন, পাওয়ার গ্রিড চালু করারও একটা প্রস্তাব আমরা দিয়েছি। কেননা পাওয়ার গ্রিড চালু হলে বিদ্যুতের সাশ্রয় হবে। তিনি বলেন, এতে বাংলাদেশ নিজেদের প্রয়োজন মিটিয়ে অন্য দেশেও সরবরাহ করতে পারবে।

এ প্রসঙ্গে ভারতের সঙ্গে ভূটানের জলবিদ্যুত স্থাপনের উদাহরণ টেনে প্রণব বলেন, “এর ফলে পারষ্পরিক বাণিজ্যের পাশাপাশি দুই দেশই লাভবান হয়েছে। ভূটান আমাদের কাছ থেকে সাহায্য পেয়েছে, এতে করে তাদের বিদ্যুতের প্রয়োজন মিটেছে। আর তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা নিয়ে এসে আমাদের অর্থনীতিকে মজবুত করেছি।” এ প্রসঙ্গে তিনি শ্রীলংকার সঙ্গে প্রাক্-বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেন।

শুল্কমুক্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে ভারত বেশকিছু পদক্ষেপ নিচ্ছে প্রণব মুখোপাধ্যায় বলেন, “আমরা একতরফাভাবেই এসব উদ্যোগ নিচ্ছি। এর আগে বাংলাদেশ সফরকালে বিনা শুল্কে বাংলাদেশের ২০ লাখ পোশাক ভারতে রপ্তানি করার ঘোষণা দিয়ে এসেছি। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে।”